শেরপুরে সাংবাদিকদের হেনস্তার প্রতিবাদে বিক্ষোভ ও কর্মবিরতি

২২ নভেম্বর, ২০২৪

পেশাগত দায়িত্ব পালনকালে শেরপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেলিম মিয়া কর্তৃক সময় টিভির শেরপুর জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম হিরা ও চিত্র সাংবাদিক বাবু চক্রবর্তীর ওপর হামলা ও লাঞ্ছনার প্রতিবাদে বিক্ষোভ ও কর্মবিরতি অনুষ্ঠিত হয়েছে।

শেরপুর প্রেসক্লাবের আয়োজনে বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী কর্মবিরতিতে অংশ নেয় জেলার সকল সাংবাদিক।

এ সময় শেরপুর প্রেসক্লাবের প্রচার সম্পাদক জাহিদুল খান সৌরভের সঞ্চালনায় বক্তব্য দেন প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল।

সংহতি ও একাত্মতা পোষণ করে বক্তব্য দেন বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি বিপ্লব দে কেটু, শ্রীবরদী উপজেলার নয়া দিগন্ত প্রতিনিধি ফিরোজ, নকলা উপজেলার দেশ রূপান্তর প্রতিনিধি শফিউজ্জামান রানা, ঝিনাইগাতী উপজেলার দৈনিক গণমুক্তির প্রতিনিধি দুদু মল্লিকসহ অনেকেই।

বক্তারা আগামী তিন দিনের মধ্যে ডা. সেলিম মিয়াকে প্রত্যাহার ও তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য আল্টিমেটাম দেন। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেন বক্তারা।

পরে সিভিল সার্জনের কাছে একটি স্মারক লিপি প্রদান করা হয়। এ সময় ডাক্তার মাহবুব আলম হিমেল স্মারক লিপি গ্রহণ করেন।

উল্লেখ্য, গত ১১ নভেম্বর জেলা সদর হাসপাতালে ওষুধ ক্রয়ের ঠিকাদার নিয়োগে অনিয়মের অভিযোগের ব্যাপারে তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলা ও লাঞ্ছনার শিকার হয়েছেন ওই সাংবাদিকরা।