২৪তম শিরোপা জিততে আবাহনীর প্রয়োজন ২৪১ রান

২৯ এপ্রিল, ২০২৫

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগের শেষ রাউন্ডে আবাহনী লিমিটেডের বিপক্ষে অলিখিত ফাইনালে মুখোমুখি হয় মোহামেডান স্পোর্টিং ক্লাব। শিরোপা নির্ধারক এই উত্তেজনাপূর্ণ ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ২৪০ রান তুলেছে মোহামেডান।

টস জিতে মোহামেডানকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় আবাহনী। শুরুতে ভালো সূচনা এনে দেন ওপেনার রনি তালুকদার ও তৌফিক খান তুষার। তাদের জুটিতে আসে ৫০ রান। এরপর দ্রুত ফিরে যান দুই ওপেনারই। রনি তালুকদার ৪৫ রান করে বিদায় নেন রিপন মণ্ডলের বলে, আর মৃত্যুঞ্জয়ের শিকারে পরিণত হন তৌফিক।

দলীয় শত রান হওয়ার আগেই আরও এক উইকেট হারায় মোহামেডান, আনিসুল ইসলাম ফিরে যান মাত্র ১৩ রানে। কিছুটা প্রতিরোধ গড়েছিলেন ফরহাদ হোসেন, তবে তিনিও থেমে যান ৪২ রানে।

এরপর দলের হাল ধরেন দুই অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ ও আরিফুল ইসলাম। ধৈর্যশীল ব্যাটিংয়ে গড়েন ১১৪ রানের গুরুত্বপূর্ণ জুটি। তবে দুজনই কাটায় কাটায় ৫০ রান করে ফিরে গেলে শেষ দিকে বড় স্কোর তোলার সুযোগ হাতছাড়া হয় মোহামেডানের।

শেষ পাঁচ ওভারে আসে মাত্র ২৬ রান। শেষ পর্যন্ত তাদের ইনিংস থামে ২৪০ রানে। আবাহনীর হয়ে মোসাদ্দেক হোসেন সৈকত ও মৃত্যুঞ্জয় চৌধুরী নেন দুটি করে উইকেট। শিরোপা নির্ধারণে এই ম্যাচে জয়ের জন্য আবাহনীর প্রয়োজন ২৪১ রান। 

তবে হেড টু হেডে পিছিয়ে থাকায় ম্যাচটি জিততেই হবে তাদের। অন্যদিকে, মোহামেডান জিতলে কিংবা ম্যাচ পরিত্যক্ত হলেও শিরোপা উঠবে তাদের ঘরেই।