পাবনায় লিচুবাগান থেকে বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

০৫ জুন, ২০২৫

পাবনার চাটমোহর উপজেলার উথুলী এলাকার একটি লিচুবাগান থেকে জাহানারা খাতুন (৫৫) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ জুন) সকাল ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করে চাটমোহর থানা পুলিশ।

নিহত জাহানারা উথুলী মধ্যপাড়া গ্রামের ফজলুর রহমানের স্ত্রী।চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার আরজুমা আক্তার গণমাধ্যমকে বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত চলছে, ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

পরিবারের সদস্যরা জানিয়েছেন, বুধবার (৪ জুন) সন্ধ্যার পর থেকে জাহানারা খাতুন নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার সকালে এক কৃষক ঘাস কাটতে গিয়ে লিচুবাগানের পাশে ছোট একটি গাছে ঝুলন্ত অবস্থায় জাহানারার মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।