রেসিপি : রুই পটলের ঝোল

০৫ অক্টোবর, ২০২৫

সবজি দিয়ে মাছের রান্নায় ভিন্ন স্বাদ পাওয়া যায়। সব সবজি আবার সব মাছের সঙ্গে যায় না। কিন্তু রুই পটলের ঝোল একটি জনপ্রিয় ও সহজে রান্না করা বাঙালি মাছের রেসিপি। মায়ের হাতের অসাধারণ স্বাদ খুঁজে পেতে পারেন এই সাধারণ রান্নায়। এর জন্য যা লাগবে-

উপকরন

রুই মাছ ৪/৫ টুকরো

পটল ৬/৭টা (ছুলে লম্বা দুই ভাগ করে চিরে নেবেন)

আলু ১/২টা (ঐচ্ছিক, লম্বা করে কাটা)

পেঁয়াজ কুচি ২টা মাঝারি

আদা-রসুন বাটা ১ চা চামচ

হলুদ গুঁড়ো ১ চা চামচ

লাল মরিচ গুঁড়ো ১ চা চামচ

জিরে গুঁড়ো ১/২ চা চামচ

কাঁচা মরিচ ২/৪ টা

তেল পরিমাণমতো

লবণ স্বাদমতো

ধনেপাতা কুচি সামান্য

প্রণালী

প্রথমে মাছের টুকরোগুলো ধুয়ে লবণ ও হলুদ মাখিয়ে ১০ মিনিট রেখে দিন। ফ্রাই প্যানে তেল গরম করে মাছ দুইপাশে হালকা ভেজে তুলে রাখুন। একই তেলে পটল ও আলু (যদি দেন) হালকা ভেজে তুলে রাখুন। এবার কড়াইয়ে সামান্য তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে সোনালি করে ভাজুন। এরপর আদা-রসুন বাটা দিয়ে কষে নিন। হলুদ, মরিচ, জিরে গুঁড়ো দিয়ে মশলা কষান।

ভাজা পটল ও আলু দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিন। প্রয়োজনমতো পানি দিয়ে ঢেকে দিন এবং সবজি সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন। সবজি সেদ্ধ হয়ে আসলে ভাজা মাছ দিয়ে দিন। ৫ মিনিট ঢেকে রান্না করুন যাতে মাছ মশলার স্বাদ টেনে নেয়। ঢাকনা খুলে ওপরে গরম মশলা ও ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিন।