মেলায় ঘুরতে গিয়ে ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

১২ অক্টোবর, ২০২৫

মানিকগঞ্জে মেলায় ঘুরতে গিয়ে ছুরিকাঘাতে আব্দুল্লাহ ওরফে রাব্বি (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে মানিকগঞ্জ সদর থানার পুটাইল ইউনিয়নের পুটাইল লক্ষ্মী পূজার মেলায় এই ঘটনা ঘটে।

নিহত রাব্বি পুটাইল ইউনিয়নের ভট্টি কাফাটিয়া (খালপাড়) এলাকার সৌদিআরব প্রবাসী মোহাম্মদ মানিক মিয়ার ছেলে। সে কাফাটিয়া উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির মানবিক বিভাগের ছাত্র ছিল।

নিহতের পরিবার জানায়, দুই ভাইয়ের মধ্যে রাব্বি বড়। শনিবার সন্ধ্যায় রাব্বি মেলা দেখতে পুটাইল লক্ষ্মী পূজার মেলায় যায়। মেলা প্রাঙ্গণে পৌঁছালে রাব্বির ওপর হামলা চালায় এবং তার বাম পাঁজরে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে রাব্বি গুরুতর আহত হয়।

 ‘খবর পেয়ে মেলা কমিটির লোকজন আহত রাব্বিকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে আনুমানিক রাত পৌনে এগারোটার দিকে কর্তব্যরত ডাক্তার রাব্বিকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিয়ে পুলিশি তদন্ত চলছে।’

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমানুল্লাহ জানান, হত্যাকাণ্ড কেন ঘটেছে তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।