০৭ নভেম্বর, ২০২৫
২০২৩-২৪ অর্থ বছরে রাস্তা সংস্কার, ড্রেন নির্মাণ ও প্যালাসাইডিং কাজের টেন্ডারে ভুয়া কাগজপত্র দাখিল করা হয়েছে- এমন একটি অভিযোগের ভিত্তিতে কালিয়াকৈর পৌরসভায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত কার্যালয় গাজীপুর। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। পরে পৌরসভা থেকে টেন্ডার সংশ্লিষ্ট কাগজপত্র সংগ্রহ করে নিয়ে আসেন তারা।
জানা যায়, পৌরসভায় একক টেন্ডার বাণিজ্য, ভুয়া ড্রেনেজ ব্যবস্থার নামে প্রকল্প দেখিয়ে সরকারি টাকা লোপাট, পৌরসভায় জনবল নিয়োগে অনিয়ম, পৌর এলাকায় অনিয়মতান্ত্রিকভাবে পরিবহন খাত থেকে টোল আদায়, ব্যক্তি মালিকানাধীন জমি জবর দখল থেকে শুরু করে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ রয়েছে পৌর সভার সাবেক মেয়র মজিবুর রহমানের বিরুদ্ধে।
দুদক গাজীপুরের উপ-পরিচালক নাজমুল হোসাইন বলেন, দুর্নীতি দমন কমিশন থেকে ভুয়া কাগজপত্র দাখিল করে টেন্ডার দেওয়া হয়েছে এমন একটি অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করতে দেওয়া হয়। পরে অভিযান টিম পৌরসভায় থেকে রেকর্ডপত্র সংগ্রহ করে এবং সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করেন।
তিনি জানান, এ বিষয়ে আরো তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।