২৩ ডিসেম্বর, ২০২৫
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে ঢাকার কেরানীগঞ্জে আনন্দ মিছিল করেছে ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদল।
সোমবার (২২ ডিসেম্বর) রাত ৯টায় জিঞ্জিরা এলাকায় দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লার নেতৃত্বে আনন্দ মিছিলটি জনি টাওয়ার হয়ে কদমতলী মোড়ে গিয়ে শেষ হয়। মিছিল চলাকালে স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
সমাবেশে পাভেল মোল্লা বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচিত হবে। দীর্ঘ ১৭ বছর অপেক্ষার পর তার দেশে ফেরা জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত।
তিনি আরও বলেন, বিদেশে অবস্থান করেও তারেক রহমান দলীয় ঐক্য অটুট রেখেছেন। তার জনপ্রিয়তায় ভীত একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত থাকলেও কোনো ষড়যন্ত্রই এই প্রত্যাবর্তন ঠেকাতে পারবে না।
আনন্দ মিছিলে ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শারুখ খান পাপেল, দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্রদলের সদস্যসচিব জুয়েল, তেঘরিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবির মোল্লা এবং বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।