মেহেরপুরে পিকআপ উল্টে শ্রমিক নিহত

০৯ জানুয়ারী, ২০২৬

মেহেরপুরে ট্রাক্টরকে সাইড দিতে গিয়ে কলাবোঝাই পিকআপ উল্টে হুমায়ুন কবির নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও তিনজন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে মেহেরপুর-মহাজনপুর রাস্তার কোমরপুর গ্রামের মসিউরের ইটভাটার কাছে এই দুর্ঘটনা ঘটে।

নিহত হুমায়ুন কবির মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামের বাদশা হোসেনের ছেলে। এ ঘটনায় আহতরা হলেন- একই গ্রামের সদর আলীর ছেলে সাজু (২৫) ও ফিরোজ হোসেনের ছেলে সাজিদুল (৩০)।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, মোনাখালি গ্রামের ট্রাক চালক সামাদ আলী তিন টনের পিকআপে কোমরপুর মাঠ থেকে কলাবোঝাই করে ৫/৬ জন শ্রমিককে মহাজনপুর গ্রামে নামাতে যাচ্ছিলেন। পিকআপটি কোমরপুর গ্রাম পার হয়ে হাজী মশিউর রহমানের ইটভাটার কাছে পৌঁছে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকটরকে সাইড দিতে গিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে। এতে পিকআপের নিচে চাপা পড়ে তিনজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে হুমায়ুন কবিরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকি দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ওসি জাহিদুর রহমান বলেন, লাশ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে মর্গে নেওয়া হয়েছে।