২৯ জানুয়ারী, ২০২৬
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় জায়গা করে নিল বার্সেলোনা। বুধবার কোপেনহেগেনের বিপক্ষে ৪-১ গোলের দাপুটে জয় তুলে নিয়েছে হান্সি ফ্লিকের শিষ্যরা। ম্যাচের শুরুতে ধাক্কা খেলেও দ্বিতীয়ার্ধে দুর্দান্ত প্রত্যাবর্তনে বড় জয় নিশ্চিত করে কাতালান ক্লাবটি।
ম্যাচের চতুর্থ মিনিটেই গোল হজম করে বার্সা।
কোপেনহেগেনের কিশোর ফরোয়ার্ড ভিক্টর দাদাসনের গোলে এগিয়ে যায় ড্যানিশরা। মোহামেদ এলইয়নুসির নিখুঁত থ্রু পাসে বার্সার হাই লাইন ভেঙে একা গোলরক্ষক জোয়ান গার্সিয়ার সামনে দাঁড়িয়ে ঠান্ডা মাথায় বল জালে পাঠান ১৭ বছর বয়সী দাদাসন।
তবে পিছিয়ে পড়েও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতেই রাখে বার্সেলোনা। প্রথমার্ধে ৭৫ শতাংশের বেশি বল দখলে রেখেও গোলের দেখা পায়নি তারা।
লেভানদোস্কি ও এরিক গার্সিয়ার একাধিক প্রচেষ্টা গোলরক্ষক দোমিনিক কোটারস্কির বাধায় আটকে যায়।
দ্বিতীয়ার্ধে বদলে যায় ম্যাচের চিত্র। ৪৮ মিনিটে দানি ওলমোর থ্রু পাসে লামিনে ইয়ামালের দারুণ অ্যাসিস্ট থেকে সমতা ফেরান রবার্ট লেভানদোস্কি। এটি ছিল চ্যাম্পিয়নস লিগে তার ক্যারিয়ারের ১০৬তম গোল।
এরপর ছয় মিনিটের ঝড়ে ম্যাচ শেষ করে দেয় বার্সা। এক ঘণ্টার মাথায় ইয়ামালের শট ডিফ্লেকশনে জালে জড়ায়। কিছুক্ষণ পর ইয়ামালের ক্রস থেকে ফাউলের শিকার হন লেভানদোস্কি। পেনাল্টি থেকে রাফিনিয়া নিশ্চিত করেন তৃতীয় গোল।
বদলি হিসেবে নামা মার্কাস রাশফোর্ড দুর্দান্ত ফ্রি-কিকে চতুর্থ গোলটি করেন।
নিকট পোস্টে গোলরক্ষককে ফাঁকি দিয়ে ব্যবধান বাড়ান তিনি।
এই জয়ে লিগ পর্বে পঞ্চম স্থানে থেকে শেষ ষোলো নিশ্চিত করেছে বার্সেলোনা। নকআউট পর্বে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস পিএসজি বা নিউক্যাসল।