জয়ের পর রিয়াল মাদ্রিদ কোচের কাছে ক্ষমা চেয়েছেন মরিনিয়ো

২৯ জানুয়ারী, ২০২৬

চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে নাটকীয় জয়ের পর অতিরিক্ত উদ্‌যাপনের জন্য ক্ষমা চেয়েছেন বেনফিকার কোচ হোসে মরিনিও। বুধবার লিসবনের এস্তাদিও দা লুজে ৪-২ গোলের জয়ের ম্যাচে রিয়ালের কোচ আলভারো আরবেলোয়ার সামনে আবেগ সামলাতে না পারায় ব্যক্তিগতভাবে তাঁর কাছে দুঃখ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন মরিনিও।

ম্যাচের যোগ করা সময়ের শেষ মুহূর্তে, ৯৮ মিনিটে, বেনফিকার গোলরক্ষক আনাতোলি ত্রুবিনের হেডারেই নিশ্চিত হয় জয়। এই গোলে এক গোলের ব্যবধানে চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বের প্লে-অফে জায়গা করে নেয় বেনফিকা।

শেষ মুহূর্তের সেই গোলে লিসবনে উচ্ছ্বাসে ফেটে পড়ে গ্যালারি। মরিনিওর কোচিং স্টাফ ও বদলি খেলোয়াড়েরা মাঠে ঢুকে পড়েন। সাবেক রিয়াল মাদ্রিদ কোচ মরিনিও তখন উল্লাসে মুষ্টিবদ্ধ হাত উঁচু করেন এবং দর্শকদের দিকে ইশারা করেন যা সরাসরি তাঁর সাবেক খেলোয়াড় ও ঘনিষ্ঠ পরিচিত আরবেলোয়ার সামনে ঘটে।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মরিনিও বলেন, “আমি যেভাবে উদ্‌যাপন করেছি, তার জন্য আমি ক্ষমা চেয়েছি। তবে আলভারো একজন ফুটবলের মানুষ। সে বিষয়টি পুরোপুরি বুঝেছে। ওই মুহূর্তে আপনি ভুলে যান যে সামনে রিয়াল মাদ্রিদ, বেঞ্চে আলভারো বসে আছে, চেন্দো বা পরিচিত মানুষজন আছে, সবকিছু ভুলে যান। তবুও আমি ক্ষমা চেয়েছি।”

২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের কোচ থাকাকালে আরবেলোয়ার সঙ্গে কাজ করেছিলেন মরিনিও। সে সময় মাঠে মরিনিওর অন্যতম ভরসার নাম ছিলেন এই স্প্যানিশ ডিফেন্ডার।

এর আগে রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সময় আরবেলোয়া বলেছিলেন, “হোসে মরিনিওর অধীনে কাজ করা আমার জন্য গর্ব ও সম্মানের ছিল। তিনি আমাকে অনেক কিছু শিখিয়েছেন। আমি যদি হুবহু মরিনিও হতে যাই, তাহলে ভয়াবহভাবে ব্যর্থ হব।” চলতি মৌসুমে ইউরোপে বেনফিকার যাত্রা শুরু হয়েছিল টানা চার হারে। এ কারণে মরিনিওর ওপর চাপও তৈরি হয়েছিল। ঘরোয়া লিগে তারা এখনো পিছিয়ে রয়েছে পোর্তো ও স্পোর্টিংয়ের চেয়ে।

তবে ম্যাচ শেষে মরিনিও বলেন, “আমি এখন এমন এক পর্যায়ে আছি, যেখানে নিজের চেয়ে খেলোয়াড় ও ক্লাবের কথাই বেশি ভাবি।”