শেরপুরে জামায়াত নেতার জানাজা সম্পন্ন

২৯ জানুয়ারী, ২০২৬

শেরপুরে জামায়াত নেতা রেজাউল করিমের জানাজা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায় র‌্যাব, পুলিশ ও বিজিবি সদস্যদের উপস্থিতিতে শ্রীবরদী কলেজ মাঠে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানের অংশগ্রহণে জানাজা সম্পন্ন হয়।

জানাজার নামাজে রেজাউলের ছোট মেয়েটিকেও উপস্থিত রাখা হয়, যা মুসল্লিদের মধ্যে আরও আবেগময় পরিবেশ সৃষ্টি করে। শেরপুর জেলা জামায়াতের আমির বলেন, আজ থেকে রেজাউলের দুই সন্তান ও স্ত্রীর ভরণপোষণের দায়িত্ব দল নেবে।

এর আগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এর শেরপুর-৩ আসনে নির্বাচনকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দু’পক্ষের শতাধিক কর্মী আহত হয়। গুরুতর অবস্থায় ১৪ জনকে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হলে তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রেজাউল করিম মৃত্যুবরণ করেন।

জানাজার নামাজে শেরপুর জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমানের নেতৃত্বে শেরপুর-১ আসনের জামায়াত প্রার্থী রাশেদুল ইসলাম রাশেদ, শেরপুর-২ আসনের প্রার্থী গোলাম কিবরিয়া, শেরপুর-৩ আসনের প্রার্থী নুরুজ্জামান বাদলসহ জামায়াতের কেন্দ্রীয় ও ময়মনসিংহ বিভাগীয় নেতাকর্মী এবং হাজার হাজার সাধারণ মানুষ অংশ নেন।