রাজধানীর কড়াইল বস্তিতে পুলিশের ধাওয়া ঝিলে ডুবে কিশোরের মৃত্যু

০৭ ফেব্রুয়ারি, ২০২৬

রাজধানীর কড়াইল বস্তিতে পুলিশের ধাওয়ায় পালাতে গিয়ে ঝিলে ডুবে মাহা আলম (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বনানী কবরস্থানের পাশে লাশ গোসল করার স্থান থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর আগে বৃহস্পতিবার বিকালে মাহা ওই ঝিলে ডুবে নিখোঁজ ছিলেন।

নিহত মাহা আলম শেরপুর সদর উপজেলার চান নগর গ্রামের আশকর আলীর ছেলে।

বর্তমানে মা আবেদা বেগম ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কড়াইল বস্তির কুমিল্লা পট্টিতে থাকতেন। 

স্বজনরা জানান, বৃহস্পতিবার বিকালে পুলিশ মাহা আলমকে ধাওয়া করে। পালাতে গিয়ে সে কামরাঙ্গীর চরে থাকা ঝিলে লাফ দেয়। পুলিশ চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেনি।

পরে শুক্রবার তার লাশ উদ্ধার করা হয়। বনানী থানার এসআই সুব্রত চক্রবর্তী কালের কণ্ঠকে বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।

নিহতের বড় ভাই মো. আলমগীরের শাশুড়ি মোসাম্মদ দীপু কালের কণ্ঠকে বলেন, মাহা তার বন্ধুদের সঙ্গে মাদক সেবন করত।

বৃহস্পতিবার সে স্থানীয় মাদকের স্পটে ছিল। এসময় পুলিশ তাদের ধাওয়া করলে মাহা পালাতে গিয়ে পা পিছলে ঝিলে পড়ে যায়। তার গায়ে উলের জ্যাকেট ছিল। সাঁতার না জানা এবং পানিতে উলের জামা ভারী হয়ে সে ডুবে যায়।