বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা

২৪ মার্চ, ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মাদামবিবিরহাট এলাকায় বাড়ি থেকে ডেকে নিয়ে মো. রাজু (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। গত ২০ মার্চ শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। 

নিহত মো. রাজু উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মাদামবিবিরহাট এলাকার আব্দুল খালেক সারেং বাড়ির মো. হারুনের ছেলে। তিনি দুই সন্তানের জনক।

জানা যায়, শুক্রবার সন্ধ্যায় ইফতারের আগে এলাকায় দুই পক্ষের মধ্যে ঝগড়ার সূত্রপাত হয়। এ সময় রাজুর আত্মীয় মো. আজম ঝগড়ায় জড়িয়ে পড়েন। রাজু তাকে ঝগড়া থেকে বিরত থাকতে বলেন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে রাত ৯টার দিকে আজম ও তার চার ছেলে রাজুকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। ইট দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সীতাকুণ্ড থানার ওসি মহিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় অভিযুক্ত আজমকে আটক করা হয়েছে এবং অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।