সিলেটে মাদক নিয়ে বাবা-ছেলে আটক

২২ এপ্রিল, ২০২৬

 

সিলেটে অভিযান চালিয়ে ৭১বোতল বিদেশি মদসহ বাবা ও ছেলেকে গ্রেফতার করা হয়েছে। বুধবার(২২ এপ্রিল) তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে মঙ্গলবার রাতে গোয়াইনঘাট উপজেলার সালুটিকর বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, সিলেট এয়ারপোর্ট থানার কালাগুল সাহেব বাজারের জাহাঙ্গীর আলম(৪৩) ও তার ছেলে রাজা মিয়া(২৫)।

র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সালুটিকর বাজারে অভিযান চালানো হয়। এ সময় দুইজন ব্যক্তি র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা করলে তাদেরকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে বিদেশি মদ উদ্ধার করা হয়।