২৪ মে, ২০২৬
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্লে-অফের আগে ছিটকে গেছেন কলকাতা নাইট রাইডার্সের লঙ্কান পেসার মাথিশা পাথিরানা। এবার তার বিকল্প হিসেবে ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটার লভনিথ সিসোদিয়াকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে নাইট রাইডার্স কর্তৃপক্ষ।
এবারের আইপিএল মেগা নিলামে মাথিশা পাথিরানাকে রেকর্ড ১৮ কোটি রুপিতে দলে ভিড়িয়েছিল কলকাতা। কিন্তু ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাওয়া ইনজুরির কারণে লঙ্কান ক্রিকেট বোর্ড থেকে এনওসি পেতে তার বেশ দেরি হয়। টুর্নামেন্টের প্রথম চার ম্যাচে তিনি মাঠেই নামতে পারেননি। এরপর দীর্ঘ সময় বেঞ্চে বসে থাকার পর গত ম্যাচে গুজরাটের বিপক্ষে প্রথমবারের মতো ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হিসেবে মাঠে নামেন পাথিরানা। কিন্তু প্রথম ম্যাচেই মাত্র ৮টি বল করার পরই হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে মাঠ ছাড়তে হয় এই লঙ্কান পেসারকে।
পাথিরানা একজন পুরোদস্তুর ফাস্ট বোলার হলেও কেকেআর তার বদলি হিসেবে নিয়েছে একজন উইকেটরক্ষক-ব্যাটারকে। মূলত উইকেটকিপিং ডিপার্টমেন্টে চলমান তীব্র সংকটের কারণেই নেওয়া হয় এই কৌশলগত সিদ্ধান্ত। এর আগে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচে ক্যাচ নিতে গিয়ে কনকাশন (মাথায় আঘাত) এবং আঙুল ভাঙার কারণে আইপিএল থেকে ছিটকে যান কেকেআরের প্রধান উইকেটরক্ষক অংকৃষ রঘুবংশী। তার জায়গায় তেজস্বী দাহিয়া উইকেটকিপিং সামলালেও ব্যাক-আপ হিসেবে আর কোনো কিপার নেই দলে।
৩০ লাখ রুপির বেস প্রাইসে দলে আসা সিসোদিয়া গত ২০২৫ মৌসুমেও কলকাতার স্কোয়াডের অংশ ছিলেন। এর আগে তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্কোয়াডে থাকলেও এখনও আইপিএলে অভিষেকের স্বাদ পাননি। ঘরোয়া ক্রিকেটে ১৫টি টি-টোয়েন্টি ম্যাচে ১২৭.৮৩ স্ট্রাইক রেটে ১২৪ রান করেছেন এই তরুণ।
আজ রবিবার রাতে ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্সে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে লিগ পর্বের শেষ ও বাঁচা-মরার ম্যাচে মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স।