০৯ জুন, ২০২৬
ঢাকার কেরানীগঞ্জ ও নবাবগঞ্জে পৃথক অভিযানে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ পাঁচজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-দক্ষিণ)।
গ্রেফতারকৃতরা হলেন জীবন মিয়া (২৩), মো: শান্ত (২১), আল আমিন (২৫), সোহেল (২৮) ও সবুর হোসেন (৪৪)।
মঙ্গলবার বিকেলে প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা ডিবি (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম সুমন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জের দোলেশ্বর ও চরকুতুব এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ জীবন মিয়া ও শান্তকে গ্রেফতার করা হয়।
একই রাতে, পৃথক আরেক অভিযানে নবাবগঞ্জের কোমরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে আরও ১ কেজি গাঁজাসহ আল আমিন, সোহেল ও সবুর হোসেনকে গ্রেফতার করা হয়।
ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে এবং পরে আদালতে পাঠানো হয়েছে।