০৯ জুন, ২০২৬
নেত্রকোনায় এবার ছেলের হাতে খুন হয়েছেন ভিক্ষুক মা মিনতি (৬৫)। পুলিশ মাদকাসক্ত ছেলে শ্যামলকে (২৫) আটক করেছে। মঙ্গলবার (৯ জুন) দুপুরে জেলার সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের চল্লিশা গ্রামে এই ঘটনাটি ঘটে।
পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কান্তি সরকার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়েই পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত ছেলকে আটক করেছে। স্বামী হারা মিনতি রানী দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে একটি পরিত্যাক্ত ভবনের পেছনে একটি ছাপড়ি ঘরে ছেলেকে নিয়ে থাকতেন। চল্লিশা বাজারে সবজির দোকগুলোতে পানি দিতেন। সেইসাথে ভিক্ষাও করতেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মা মিনতি চল্লিশা বাজারে কাজ করে এবং ভিক্ষা করে একমাত্র ছেলেকে নিয়ে থাকতেন। নিজের বাড়ি নদীতে বিলীন হয়ে যাওয়ায় একটি পরিত্যক্ত স্কুলের পেছনে ছাপড়া ঘর করে ছেলেকে ভিক্ষা করে খাওয়াতেন। ছেলে শ্যামল মাদকাসক্ত হওয়ায় খাবার বেশি খেতো। মঙ্গলবার দুপুরে খাবার দিলে খাবার খাওয়ার সময় মায়ের মাথায় সাবল দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই মায়ের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। সেইসাথে ছেলেকে আটক করে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)স্বজল কান্তি সরকার আরও জানান, এই ছেলে প্রচুর খেতো। সেই তুলনায় খাবার দিতে না পারায় এই বৃদ্ধা মাকে সাবল দিয়ে আঘাত করেছে। মানসিক ভারসাম্যহীনও বলছে অনেকে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যাবস্থা নেয়া হচ্ছে। সেইসাথে তিনি মাদক নির্মূলে সর্বত্র সকলকে একযোগে এগিয়ে আসার আহবান জানান।