আগামীকাল এশিয়ান গেমসের ফান রান

০৯ জুন, ২০২৬

অলিম্পিকের পরই মাল্টি স্পোর্টস ডিসিপ্লিন গেমস হিসেবে স্বীকৃত এশিয়ান গেমস। সেই গেমসে উপলক্ষ্যে আগামীকাল বাংলাদেশে ফান রান আয়োজিত হবে। এই উপলক্ষ্যে আজ বিকেলে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন সংবাদ সম্মেলন আয়োজন করেছে। 

এশিয়ান গেমস উপলক্ষ্যে ইতোমধ্যে কয়েকটি দেশে ফান রান হয়েছে। বাংলাদেশের পর মালয়েশিয়া, পূর্ব তিমুরে এই রান অনুষ্ঠিত হবে। এশিয়ার অনেক দেশেই ফান রান আয়োজন হয় না। বিগত চার এশিয়ান গেমসেই বাংলাদেশে ফান রান হচ্ছে এ নিয়ে অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার (ওসিএ) মিডিয়ার ডিরেক্টর জেনারেল জিয়ান জো বলেন,‌‌ 'অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার অন্যতম দেশ বাংলাদেশ। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন সাংগঠনিকভাবে বেশ জোরালো অবস্থান। এজন্য গত কয়েকটি আসরেই এশিয়ান গেমসের ফান রান বাংলাদেশে হয়েছে এবং আমিও প্রতিবার এসেছি।'

আগামীকাল সকালে শিশু একাডেমি থেকে একটি র‍্যালি জাতীয় স্টেডিয়ামে এসে শেষ হবে। এরপর শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে বিভিন্ন ডিসিপ্লিনের কসরত ও লোকজ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। কালকের র্যালিতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক উপস্থিত থাকতে পারেন।

মিডিয়া ডিরেক্টরের পাশাপাশি সংবাদ সম্মেলনে ছিলেন জাপানে অনুষ্ঠিতব্য গেমসের আয়োজক কমিটির কর্মকর্তা তোসিবু হংশু। তিনি বলেন,‌ 'জাপানে বাংলাদেশ ২৩ ডিসিপ্লিনে অংশগ্রহণ করবে। বাংলাদেশ সহ অংশগ্রহণকারী সকল দেশকে অভ্যর্থনা জানাতে জাপান প্রস্তুত।'

১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর জাপানের নাগোয়ায় ২০ তম এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে। বিওএ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মহাসচিব জোবায়েদুর রহমান রানা, সহ-সভাপতি মেজর ইমরোজ আহমেদ (অব)।