চাঁদপুর ইলিশ বাজারে ভোক্তার অভিযান
ছবি : সংগৃহীত
চাঁদপুরের ইলিশের বাজার নিয়ন্ত্রণে বড়স্টেশন মাঝঘাটে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করেছে।রবিবার (২৪ আগস্ট) দুপুরে চাঁদপুরে সবচেয়ে বড় ইলিশ অবতরণকেন্দ্র বড়স্টেশন মাছঘাটে এই অভিযান পরিচালনা করা হয়। চাঁদপুর ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান অভিযান পরিচালনা করেন।
এসময় মাছঘাটে উপস্থিত ইলিশ ব্যবসায়ীর কাছ থেকে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই ও ব্যবসায়ী দের মৌখিকভাবে সতর্ক করা হয়।
অভিযানে জেলা মৎস্য অফিসের কর্মকর্তা ফারহানা আক্তার রুমা, কৃষি বিপণন অধিদপ্তরের প্রতিনিধি, জেলা স্যানেটারি ইন্সপেক্টর মো: নজরুল ইসলাম এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।
এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল ইলিশের বাজারে অযৌক্তিক মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ, ক্রেতাদের স্বার্থ রক্ষা ও ব্যবসায়ীদের স্বচ্ছতা নিশ্চিত করা।
ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, আমরা নিয়মিত বাজার মনিটর করছি। মাছঘাটে আড়তদার, খুচরা ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলেছি।
কোথাও অনিয়ম হচ্ছে কিনা মূলত সেটা দেখার জন্য আজকের অভিযান। ব্যবসায়ীরা যদি ইচ্ছাকৃতভাবে মূল্য নিয়ন্ত্রণের বাইরে রাখে বা কৃত্রিম সংকট তৈরি করে তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া নিয়মিত অভিযানের অংশ হিসেবে কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা আদায় করা হয়।
ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ স্বেচ্ছায় পরিশোধ করেন। অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।