ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
সংগ্রহীত ছবি
ঘন কুয়াশার কারণে নৌ-দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ রয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০ টায় এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে ঘাট কর্তৃপক্ষ।
বাংলাদেশের অভ্যন্তরীণ নৌপরিবহন নিয়ন্ত্রক সংস্থা-বিআইডব্লিটিসির ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক আব্দুস সালাম বলেন, রাত ১০টা থেকে কুয়াশার তীব্রতায় নদীর মার্কিং পয়েন্ট দেখা যাচ্ছিল না। দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
কুয়াশা কমে গেলে নৌযান চলাচল স্বাভাবিক হওয়ার কথা বলেন তিনি।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, “সন্ধ্যার পর থেকেই কুয়াশা পড়তে থাকে। রাত সাড়ে ১০টার সময় নদী পথ অস্পষ্ট হয়ে যায়। দুর্ঘটনা এড়াতে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।”
ফেরি বন্ধ থাকায় ঘাট এলাকায় কিছু যানবাহন আটকা পড়েছে।