চট্টগ্রামে তিন ভাই মিলে জানাজায় যাওয়ার পথে এক ভাইয়ের মৃত্যু
ফাইল ছবি
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে রেজাউল করিম (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার পদুয়ার সিকদারদীঘির পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রেজাউল করিম কক্সবাজারের চকরিয়া উপজেলার ৯ নম্বর ওয়ার্ডের সৈয়দ আহমদের ছেলে।
নিহতের ভাই মুবিনুল করিম বলেন, আমরা তিন ভাই মিলে এক স্বজনের জানাজায় অংশ নেওয়ার জন্য বান্দরবান থেকে মোটরসাইকেল করে চকরিয়া যাচ্ছিলাম। হঠাৎ মোটরসাইকেলের পেছনে থাকা আমার বড় ভাই ছিটকে রাস্তায় পড়ে যান। এ দুর্ঘটনায় আমার ভাই ঘটনাস্থলেই মারা গেছেন।
দোহাজারী হাইওয়ে থানার এসআই রুহুল আমিন বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।