শান্তিপূর্ণ জাতীয় নির্বাচনের প্রত্যাশায় কুমিল্লায় সংলাপ
সংগৃহীত ছবি
ল্টি-পার্টি অ্যাডভোকেসি ফোরামের (ম্যাফ) উদ্যোগে শান্তিপূর্ণ ও অহিংস জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে কুমিল্লায় একটি সংলাপের আয়োজন করা হয়। এতে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল ও তাদের প্রার্থীরা উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) নগরীর একটি হোটেলে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
আয়োজক সূত্রে জানা যায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন- রাজনৈতিক দলগুলোর পাশাপাশি বাংলাদেশের আপামর জনসাধারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বহুল প্রত্যাশিত। এই নির্বাচনকে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য করতে সম্মিলিত ভূমিকা অত্যন্ত জরুরি। আর সেজন্যই জনআকাঙ্খার প্রতিফলন, শান্তিপূর্ণ নির্বাচনি পরিবেশ, সম্প্রীতি ও অহিংসা বজায় রাখতে প্রার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সকলের ভূমিকা রাখার কোনো বিকল্প নেই। সেজন্যই মাল্টি-পার্টি অ্যাডভোকেসি ফোরাম, কুমিল্লা আজকের এই সম্প্রীতি সংলাপ আয়োজন করেছে।
এতে বক্তারা বলেন, এই সংলাপের মাধ্যমে আমরা সবাই মিলে নাগরিক সমাজকে একটি স্পষ্ট বার্তা দিতে চাই— রাজনৈতিক দলের মধ্যে ঐক্য আছে, এটা শুধু কথা বলার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং নাগরিক সমাজকে সাথে নিয়ে আমরা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সবাই একসাথে অহিংসা, সম্প্রীতি এবং পারস্পরিক সম্মানের পথে কাজ করতে অঙ্গীকারবদ্ধ।
মাল্টি-পার্টি অ্যাডভোকেসি ফোরাম, কুমিল্লার সভাপতি বদরুল হুদা জেনুর সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে বক্তব্য রাখেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়াঁ, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, যুব-জামায়াত কুমিল্লা মহানগর সভাপতি কাজী নাজির আহম্মেদ, ইসলামী আন্দোলন কুমিল্লা মহানগর সভাপতি এম এম বিল্লাল হোসাইন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুমিল্লা জেলার প্রধান সমন্বয়ক মো. সিরাজুল হক, কুমিল্লা-৪ আসনের গণঅধিকার পরিষদের এমপি পদপ্রার্থী জসিম উদ্দিন।
ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের কনসালটেন্ট রুবাইয়াত হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ম্যাফ সাধারণ সম্পাদক সারোয়ার জাহান দোলন। শুভেচ্ছা বক্তব্য রাখেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল কুমিল্লা অঞ্চলের সিনিয়র রিজিওনাল ম্যানেজার আবুল বাশার।
উল্লেখ্য, ইউকেএইড’র অর্থায়নে ডেমোক্রেসি ইন্টারন্যাশন্যাল পরিচালিত বাংলাদেশ স্ট্রেনদেনিং পলিটিক্যাল একাউন্টিবিলিটি ফর সিটিজেন এমপাওয়ারমেন্ট (বি-স্পেস) প্রকল্প এই উদ্যোগে সহায়তা করেছে।