নিউজজোন বিডিতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

নিউজজোন বিডিতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

ফাইল ছবি

অনলাইন সংবাদমাধ্যম NEWSZONEBD.COM এ গত ১১ই জানুয়ারি "ইবিতে বিএনপিপন্থীদের সহায়তায় নিয়োগ পাচ্ছে ছাত্রলীগের রাকিব!" শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল। বুধবার (১৪ জানুয়ারি) রাতে রাফিজ আহমেদের স্বাক্ষরিত দলীয় প্যাডে এ প্রতিবাদ জানায় সংগঠনটি।

প্রতিবাদপত্রে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল- ইসলামী বিশ্ববিদ্যালয় শাখাকে কেন্দ্র করে একটি অনলাইন সংবাদমাধ্যমে NEWSZONEBD.COM এ গত ১১ই জানুয়ারি, ২০২৬ এ প্রকাশিত "ইবিতে বিএনপিপন্থীদের সহায়তায় নিয়োগ পাচ্ছে ছাত্রলীগের রাকিব" শিরোনামে বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। উক্ত সংবাদে যাচাই-বাছাইহীন, একতরফা ও ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করে ছাত্রদল এবং একটি নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শের শিক্ষক সমাজকে জড়িয়ে অপপ্রচার চালানো হয়েছে, যা সম্পূর্ণরূপে অসত্য ও অনভিপ্রেত। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি আদর্শিক, গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক ছাত্রসংগঠন। শিক্ষাঙ্গণে কোনো ধরনের অনিয়ম, বাণিজ্য বা অস্বচ্ছ কর্মকাণ্ডের সঙ্গে ছাত্রদলের সম্পৃক্ততার প্রশ্নই ওঠে না। বরং দীর্ঘদিন ধরে ছাত্রদল শিক্ষার্থীদের ন্যায্য অধিকার, গণতন্ত্র ও স্বচ্ছ প্রশাসনের পক্ষে আপোশহীন ভূমিকা রেখে আসছে।

প্রতিবাদপত্রে আরো বলা হয়, প্রকাশিত সংবাদে সংশ্লিষ্ট কোনো দায়িত্বশীল কর্তৃপক্ষের বক্তব্য, প্রমাণভিত্তিক তথ্য কিংবা নিরপেক্ষ অনুসন্ধানের প্রতিফলন না থাকায় এটি স্পষ্টতই ছাত্রদল ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করার একটি সুপরিকল্পিত অপচেষ্টা বলে আমরা মনে করি। আমরা সংশ্লিষ্ট সংবাদমাধ্যমকে অবিলম্বে উক্ত মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রত্যাহার/সংশোধনের আহ্বান জানাচ্ছি। অন্যথায় ছাত্রদল বিষয়টি নিয়ে আইনগত ও সাংগঠনিকভাবে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হবে। একই সঙ্গে আমরা দায়িত্বশীল সাংবাদিকতার প্রতি শ্রদ্ধা রেখে ভবিষ্যতে যে-কোনো সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই, নিরপেক্ষতা বজায় রাখা এবং সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য অন্তর্ভুক্ত করার জোর দাবি জানাচ্ছি।

এবিষয়ে পত্রিকার প্রতিনিধি জানান, পর্যাপ্ত অভিযোগ এবং তথ্যের ভিত্তিতে সংবাদ পরিবেশন করা হয়েছে। এখানে কোনো দল বা ব্যক্তিকে হেয় করা প্রতিবেদকের উদ্দেশ্য নয়।