মেহেরপুরে লরি বোঝাই সাড়ে ৪ হাজার লিটার ডিজেল জব্দ
সংগৃহীত
মেহেরপুরের গাংনীতে অবৈধভাবে তেল নামানোর সময় প্রায় সাড়ে ৪ হাজার লিটার ডিজেল জব্দ করে গাংনী থানা পুলিশ হেফাজতে নিয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত আড়াইটার দিকে গাংনী উপজেলার সাহেবনগর বাজার থেকে লরি বোঝাই তেল জব্দ করা হয়।
পুলিশ জানায়, ঝিনাইদহ নিবন্ধিত লরি ঢ ৪১-০০৪৩ খুলনা ডিপো থেকে ডিজেল নিয়ে কুষ্টিয়ার দৌলতপুর যাওয়ার কথা ছিল। তবে রাতে খবর পেয়ে ঘটনাস্থলে যেয়ে দেখা যায়, গাংনী উপজেলার সাহেবনগর বাজারের রিপন নামের এক সার ও কীটনাশক ব্যবসায়ীর দোকানে লরি থেকে তেল নামানো হচ্ছে। খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।
এ সময় দোকানের ব্যারেলে নামানো অবস্থায় ৬০০ লিটার তেল জব্দ করা হয় এবং তেলের লরিটি থানা হেফাজতে নেয়া হয়। লরির সঙ্গে বৈধ কাগজপত্র না থাকায় লরিটি জব্দ করা হয়েছে। পরবর্তীতে কাগজপত্র যাচাইয়ের পরে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান গাংনী থানার উপ-পরিদর্শক আব্দুল করিম।