ভালুকায় জ্বালানি সংকটে নিত্য পণ্যে ঊর্ধ্বগতি, বাড়তি চাপে ক্রেতারা

ভালুকায় জ্বালানি সংকটে নিত্য পণ্যে ঊর্ধ্বগতি, বাড়তি চাপে ক্রেতারা

ফাইল ছবি

জ্বালানি তেলের সংকটের প্রভাব পড়তে শুরু করেছে ময়মনসিংহের ভালুকার নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে। সরবরাহে বড় ধরনের ঘাটতি না থাকলেও পরিবহন ব্যয় বৃদ্ধির কারণে বেড়েছে বিভিন্ন পণ্যের দাম, যা ভোগান্তিতে ফেলেছে সাধারণ ক্রেতাদের।

শনিবার সকালে সরজমিনে বাজার ঘুরে দেখা গেছে, গত এক সপ্তাহে কাঁচামালের দামে উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে। টমেটো ২০ টাকা থেকে বেড়ে ৩০ টাকা কেজি এবং বেগুন ৬০ টাকা থেকে বেড়ে ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে আলুর দাম স্বাভাবিক রয়েছে, প্রতি কেজি ২০ টাকায় বিক্রি হচ্ছে।

মাছের বাজারে বড় মাছের দাম অপরিবর্তিত থাকলেও ইলিশের দামে বড় ধরনের উল্লম্ফন দেখা গেছে। গত সপ্তাহে মাঝারি আকারের ইলিশ ১৬০০-১৮০০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা ২৪০০-২৫০০ টাকা কেজিতে উঠেছে।

এদিকে আমদানি কমে যাওয়ার প্রভাব পড়েছে মুরগির বাজারেও। ব্রয়লার মুরগি কেজিতে ১০ টাকা বেড়ে ১৮০ টাকা এবং সোনালী মুরগি ২০ টাকা বেড়ে ৩৮০ টাকায় বিক্রি হচ্ছে।

কাজল মিয়া নামের এক বিক্রেতারা জানান, জ্বালানি সংকটের কারণে পরিবহন খরচ বেড়ে যাওয়ায় পাইকারি বাজার থেকেই বেশি দামে পণ্য কিনতে হচ্ছে। ফলে খুচরা পর্যায়ে এসে সেই প্রভাব পড়ছে।

অন্যদিকে ক্রেতারা বলছেন, আগের তুলনায় একই পরিমাণ পণ্য কিনতে এখন বেশি টাকা গুনতে হচ্ছে, যা নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য বাড়তি চাপ তৈরি করেছে।

সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানি সরবরাহ স্বাভাবিক হলে এবং পরিবহন ব্যয় কমলে বাজার পরিস্থিতি ধীরে ধীরে স্থিতিশীল হয়ে আসবে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।