ডেমরায় ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে কুপিয়ে ২ লাখ টাকা ছিনতাই
প্রতীকী ছবি
রাজধানীর ডেমরা কোনাপাড়ায় এক ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে প্রায় দুই লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। আহত ব্যবসায়ীর নাম আবুল কালাম (৫০)।
গতকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে কোনাপাড়া ফুডপ্লেক্স বারেক ম্যানশন গলির দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।
আহত আবুল কালামকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনরা।
তার ছেলে আল আমিন আব্রান জানান, তার বাবা কোনাপাড়া বাসস্ট্যান্ড এলাকায় ‘বন্যা টেলিকম’ নামে এক দোকানে ফ্লেক্সিলোডের ব্যবসা করেন। প্রতিদিনের মতো রাতের দিকে দোকান বন্ধ করে প্রায় দুই লাখ টাকা ব্যাগে নিয়ে পায়ে হেঁটে বাসায় ফিরছিলেন তিনি।
বাসার গেটে পৌঁছানো মাত্রই পেছন থেকে কয়েকজন ছিনতাইকারী তার ওপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে মাথা, ডান কান ও মুখে আঘাত করলে তিনি চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়েন এবং একপর্যায়ে অচেতন হয়ে যান।
তার চিৎকারের আশপাশের লোকজন চলে আসার আগেই ছিনতাইকারীরা তার বাবার কাছে থাকা প্রায় দুই লাখ টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে তার বাবাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে রাত পৌনে ২টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
চিকিৎসা শেষে তাকে বাসায় নিয়ে এসেছেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আহত আবুল কালাম জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন। তার গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব উত্তর উপজেলায়। বর্তমানে তিনি পরিবারসহ ডেমরা কোনাপাড়ায় ভাড়া বাসায় থাকেন।