দেশব্যাপী শিশু নির্যাতন ও হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জে মানববন্ধন
সংগৃহীত ছবি
দেশব্যাপী শিশু ধর্ষণ, নির্যাতন ও হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উদ্যোগে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি মনি সুপান্থর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দীনা তাজরিনের সঞ্চালনায় আয়োজিত কর্মসূচিতে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা রফিউর রাব্বি ও জাহিদুল হক দীপু।
রফিউর রাব্বি বলেন, দেশজুড়ে শিশু ধর্ষণ, হত্যা ও নির্যাতনের ঘটনা একদিকে রাষ্ট্রের কাঠামোগত ব্যর্থতা, অন্যদিকে সমাজের সাংস্কৃতিক ও নৈতিক মূল্যবোধের ভয়াবহ অবক্ষয়ের চিত্র তুলে ধরছে। তিনি বলেন, সমাজে দীর্ঘদিন ধরে চলমান অবক্ষয়ের কারণেই এ ধরনের অপরাধ বাড়ছে। আইন থাকলেও তার যথাযথ প্রয়োগ নেই।
তিনি আরও বলেন, যে মাদ্রাসা শিশুদের জন্য নিরাপদ শিক্ষাপ্রতিষ্ঠান হওয়ার কথা ছিল, সেখানেও শিশু নির্যাতনের ঘটনা ঘটছে। এটি অত্যন্ত উদ্বেগজনক। ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা ও মানবিক মূল্যবোধ রক্ষায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
জাহিদুল হক দীপু বলেন, দেশব্যাপী ধর্ষণ ও হত্যার ঘটনায় অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে। আইনের যথাযথ প্রয়োগ না থাকায় অপরাধ বাড়ছে উল্লেখ করে তিনি শিশু ও নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন শিশু সংগঠক রথীন চক্রবর্তী, কবি জহিরুর ইসলাম মিন্টু, অ্যাডভোকেট মুন্নি সরদার, কবি সেলিম, শিল্পী প্রিয়ন্তী আমিন, বাউল শাহজালাল ফকির ও শিক্ষক বিজয় কর্মকারসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মী ও সচেতন নাগরিকরা।