দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক দলের নেতা নিহত, বিএনপি নেতা আহত

দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক দলের নেতা নিহত, বিএনপি নেতা আহত

প্রতীকী ছবি

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় দুর্বৃত্তদের হামলায় বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. বাদল মোড়ল (৩৫) নিহত ও আব্দুল্লাহ মোড়ল নামে এক বিএনপি নেতা গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (৯ জুন) রাত ১০টার দিকে উপজেলার মূলঘর ইউনিয়নের নিয়তির মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. বাদল মোড়ল বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি ছিলেন। তিনি আড়পাড়া গ্রামের জাফর মোড়লের ছেলে। গুরুতর আহত আব্দুল্লাহ মোড়ল বারুইপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এবং নুর ইসলাম মোড়লের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বাদল মোড়ল ও আব্দুল্লাহ মোড়ল নিয়তির মাঠ এলাকায় অবস্থানকালে অজ্ঞাত দুর্বৃত্তরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

হামলাকারীরা ধারাল অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই বাদল মোড়লের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আব্দুল্লাহ মোড়লকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহতের মরদেহ ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে। 

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান শুরু করেছে।