দুবাই ৫ বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা চালু করলো

দুবাই ৫ বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা চালু করলো

ফাইল ছবি।

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) পাঁচ বছর মেয়াদি মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা চালু রেখেছে। এই ভিসার মাধ্যমে স্পনসর বা স্থানীয় হোস্ট ছাড়াই নির্ধারিত শর্ত পূরণ করে একাধিকবার দেশটিতে প্রবেশ করা যাবে। প্রতিবার সর্বোচ্চ ৯০ দিন অবস্থান করা যাবে এবং নির্ধারিত শর্তে অবস্থানের মেয়াদ বাড়ানোর সুযোগও রয়েছে।

দুবাইয়ের জেনারেল ডিরেক্টরেট অব রেসিডেন্সি অ্যান্ড ফরেনার্স অ্যাফেয়ার্স (GDRFA) জানিয়েছে, পাঁচ বছর মেয়াদি এই মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে কোনো স্পনসর বা গ্যারান্টরের প্রয়োজন নেই।

আবেদনের জন্য যেসব কাগজপত্র লাগবে

ভিসার আবেদন করতে হলে আবেদনকারীকে নিচের নথিপত্র জমা দিতে হবে—

কমপক্ষে ৬ মাস মেয়াদ থাকা বৈধ পাসপোর্ট
সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি
বৈধ স্বাস্থ্য বীমা (হেলথ ইন্স্যুরেন্স)
রিটার্ন বা পরবর্তী গন্তব্যের বিমান টিকিট
গত ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট
আবেদন করার আগের ছয় মাসে ব্যাংক হিসাবে কমপক্ষে ৪ হাজার মার্কিন ডলার (বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা) থাকার প্রমাণ

কোথায় আবেদন করবেন?

গালফ নিউজ জানায়, আবেদনকারীরা ইউএই সরকারের অনুমোদিত ডিজিটাল প্ল্যাটফর্ম ও স্মার্ট অ্যাপের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের কাস্টমার হ্যাপিনেস সেন্টার এবং আমের (Amer) সার্ভিস সেন্টার থেকেও আবেদন করা যাবে।

আবেদন প্রক্রিয়ায় নির্ধারিত ফরম পূরণ, প্রয়োজনীয় নথি আপলোড এবং নির্ধারিত ফি পরিশোধ করতে হবে।

সরকারি তথ্য অনুযায়ী, আবেদন ফি, ভিসা ইস্যু ফি, নিরাপত্তা জামানত এবং অন্যান্য সার্ভিস চার্জ মিলিয়ে মোট খরচ ৩ হাজার ৭১৩.৫ ইউএই দিরহাম। তবে বিশেষ পরিস্থিতিতে এই ব্যয় কিছুটা পরিবর্তিত হতে পারে।

বাংলাদেশিদের জন্য বার্তা:

এদিকে বাংলাদেশিদের জন্য দুবাই বা সংযুক্ত আরব আমিরাতের ভিসা পুরোপুরি উন্মুক্ত হয়েছে—এমন কোনো সরকারি ঘোষণা নেই। এই ভিসা বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকদের জন্য উন্মুক্ত থাকলেও বাংলাদেশিদের ক্ষেত্রে আবেদন অনুমোদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যাচাই-বাছাইয়ের ওপর নির্ভর করবে। তাই আবেদন করার আগে সর্বশেষ ভিসা নীতিমালা ও যোগ্যতার শর্ত যাচাই করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

বিভিন্ন ক্যাটাগরির ভিসা আবেদন ধাপে ধাপে প্রক্রিয়াকরণ করা হলেও অনুমোদন আবেদনকারীর যোগ্যতা, নথিপত্র এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যাচাইয়ের ওপর নির্ভর করছে।