ইখলাস ও তাকওয়া ছাড়া দ্বীনের বিজয় সম্ভব নয়: মাওলানা ইউনুস আহমদ
সংগৃহীত
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য ও সদ্য সাবেক মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ বলেছেন, ইসলাম একটি পরিপূর্ণ জীবনব্যবস্থা হলেও ইখলাস ও তাকওয়ার ঘাটতির কারণে তা রাষ্ট্রীয় ব্যবস্থায় প্রতিষ্ঠা করা সম্ভব হচ্ছে না।
তিনি বলেন, শুধু আর্থিক ও শারীরিক শক্তি অর্জন করলেই হবে না, বরং পরিপূর্ণ ইখলাস ও তাকওয়া অর্জন করতে পারলেই দ্বীনের বিজয় সম্ভব।
মঙ্গলবার (২১ জুলাই) ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের নিয়মিত মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আহমদ আবদুল কাইয়ূম।
মাওলানা ইউনুস আহমদ বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদের আত্মশুদ্ধি, আল্লাহভীতি এবং আন্তরিকতার সঙ্গে দ্বীনের কাজে আত্মনিয়োগ করতে হবে। ইখলাস ও তাকওয়ার ভিত্তিতেই সমাজ ও রাষ্ট্রে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা করা সম্ভব।
সভায় ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আহমদ আবদুল কাইয়ূম বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে কয়েকটি রাজনৈতিক দলের ভেটোর কারণে জুলাই সনদের বাস্তবায়ন সম্ভব হয়নি।
তিনি দাবি করেন, বর্তমান সরকার নির্বাচনের আগে ক্ষমতায় গেলে জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও এখন এ বিষয়ে নীরব রয়েছে।
তিনি আরও বলেন, ‘জুলাই ও জনগণের সঙ্গে গাদ্দারির পরিণতি পতনের দিকেও ধাবিত হতে পারে। এখনও সময় আছে, জনগণের মতামতকে বাস্তবে রূপ দিন।’
নগর সেক্রেটারি আলহাজ আবদুল আউয়াল মজুমদারের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন নগর সহ-সভাপতি আলহাজ আলতাফ হোসেন, আলহাজ আনোয়ার হোসেন, আলহাজ এম এইচ মোস্তফা, জয়েন্ট সেক্রেটারি আলহাজ আবদুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক কে এম শরীয়াতুল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক ফজলুল হক মৃধা, অর্থ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম খোকন, প্রচার ও দাওয়াহ সম্পাদক প্রভাষক শফিকুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।