রেসিপি : ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি

রেসিপি : ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি

ছবিঃ সংগৃহীত।

বর্ষার বাজারে এখন টাটকা সবজির ছড়াছড়ি। সেই তালিকায় চিচিঙ্গা থাকলেও অনেকেই এটিকে তেমন গুরুত্ব দেন না।অথচ এই সাধারণ সবজিটি পুষ্টিগুণে ভরপুর এবং খুব কম তেল-মসলাতেই তৈরি করা যায় অসাধারণ সুস্বাদু পদ। চিচিঙ্গা সহজপাচ্য হওয়ায় শিশু থেকে বয়স্ক-সব বয়সের মানুষের জন্যই এটি উপযোগী।

আর যদি ডিমের সঙ্গে রান্না করা হয়, তাহলে স্বাদ ও পুষ্টি দুটাই বেড়ে যায় কয়েক গুণ। গরম ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে ডিম-চিচিঙ্গার ভাজি হতে পারে ব্যস্ত দিনের সহজ, স্বাস্থ্যকর ও তৃপ্তিদায়ক একটি খাবার।

আসুন জেনে নেওয়া যাক কীভাবে বাড়িতে চিচিঙ্গা-ডিমের ভাজি কীভাবে করবেন-

উপকরণ

চিচিঙ্গা কুচি ২টি

ডিম ২টি

পেঁয়াজ কুচি ১টি বড়

কাঁচামরিচ ফালি ৫-৬টি

হলুদ গুঁড়া আধা চা চামচ

লবণ স্বাদমতো

সয়াবিন তেল টেবিল চামচ

ধনেপাতা কুচি সামান্য (ঐচ্ছিক)

প্রস্তুত প্রণালি

প্রথমে চিচিঙ্গা ভালোভাবে ধুয়ে পাতলা করে কেটে নিন। একটি বাটিতে ডিম ফেটিয়ে তাতে সামান্য লবণ মিশিয়ে রাখুন। এরপর কড়াইয়ে অল্প তেল গরম করে ফেটানো ডিম ঢেলে ঝুরি ঝুরি বা স্ক্র্যাম্বল করে ভেজে তুলে রাখুন।

একই কড়াইয়ে আবার সামান্য তেল দিয়ে পেঁয়াজ কুচি ও কাঁচা মরিচ হালকা সোনালি হওয়া পর্যন্ত ভেজে নিন। এরপর হলুদ গুঁড়া ও স্বাদমতো লবণ দিয়ে কাটা চিচিঙ্গা যোগ করুন। মাঝারি আঁচে ঢেকে ৫-৭ মিনিট রান্না করুন। চিচিঙ্গা থেকে বের হওয়া পানিতেই সবজি নরম হয়ে যাবে। প্রয়োজন হলে ঢাকনা খুলে অতিরিক্ত পানি শুকিয়ে নিন।

সবশেষে ভেজে রাখা ঝুরি ডিম চিচিঙ্গার সঙ্গে মিশিয়ে আলতোভাবে নেড়ে আরও ২-৩ মিনিট রান্না করুন, যাতে ডিম ও মসলার স্বাদ সবজির সঙ্গে ভালোভাবে মিশে যায়। চুলা থেকে নামিয়ে ওপর থেকে কুচি করা ধনেপাতা ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন। সাদা ভাতের সঙ্গে এই সহজ, স্বাস্থ্যকর ও সুস্বাদু পদটি খেতে ভালো লাগবে।

কেন চিচিঙ্গা খাবেন

চিচিঙ্গায় রয়েছে প্রচুর পানি, খাদ্যআঁশ, ভিটামিন সি ও বিভিন্ন খনিজ উপাদান। এটি হজমে সহায়ক এবং গরমের সময় শরীরকে সতেজ রাখতেও সাহায্য করে। অন্যদিকে ডিম উচ্চমানের প্রোটিনের উৎস, যা শরীরের শক্তি ও পেশি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই এই দুই উপাদানের সংমিশ্রণে তৈরি ভাজি স্বাদ ও পুষ্টি-দুই দিক থেকেই দারুণ একটি খাবার।

কম সময়, কম খরচ এবং কম মসলায় তৈরি এই রেসিপিটি ব্যস্ত দিনের দুপুর বা রাতের খাবারে অনায়াসেই জায়গা করে নিতে পারে।