নদীতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, জেলের মৃত্যু

নদীতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, জেলের মৃত্যু

প্রতিকি ছবি

কুড়িগ্রামের রাজারহাটে নদীতে মাছ ধরতে গিয়ে বৈদ্যুতিক সংযোগের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রুবেল মিয়া (২৬) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সোমবার দুপুরে উপজেলার ছিনাই ইউনিয়নের পূর্বদেবত্তর গ্রামের বুড়িদাহ নদীতে এ ঘটনা ঘটে।

নিহত রুবেল মিয়া হরিদশ্বর তালুক গ্রামের রশিদ মোল্লার ছেলে।

আহতরা হলেন—মোজাম্মেল হক (২৮), আব্দুর রহমান (৩২), আমিনুল ইসলাম (১৯), শাকিল মিয়া (২২) ও আনিছুর মিয়া (২৯)। তাদের সবার বাড়ি হরিদশ্বর তালুক গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে কয়েকজন জেলে বুড়িদাহ নদীতে মাছ ধরতে যান।

এ সময় নদীর ওপর থাকা একটি বৈদ্যুতিক সংযোগের খুঁটি ভেঙে পড়লে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করেন। ঘটনাস্থলেই রুবেল মিয়ার মৃত্যু হয়। আহত পাঁচজনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজারহাট থানার উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।