ফরিদগঞ্জে দুই প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহার
সংগৃহীত
চাঁদপুরের ফরিদগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে এক চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন দিয়ে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন দুই প্রার্থী।
রোববার (১২মে) সন্ধ্যায় ফরিদগঞ্জ প্রেসক্লাবে উপস্থিত সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী বর্তমান উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান তছলিম আহমেদ ও সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহমেদ ভূঁইয়া অপর চেয়ারম্যান প্রার্থী আমির আজম রেজার পক্ষে সমর্থন ব্যক্ত করেন।
সমর্থন জানিয়ে প্রার্থিতা প্রত্যাহারকারী এই দুজন বলেন, উপজেলা পরিষদ নির্বাচনকে অর্থবহ এবং অংশগ্রহণমূলক, প্রতিদ্বন্দ্বিতামূলক করার লক্ষ্যে আমরা একত্রিত হয়ে আলোচনা করেই আমির আজম রেজার প্রতি সমর্থন ব্যক্ত করে মনোনয়নপত্র প্রত্যাহার করেছি। তাই আগামীতে আমির আজম রেজার বিজয় নিশ্চিত করার লক্ষ্যে আমরা একযোগে কাজ করবো।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন, সাবেক পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুল হক। উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম পাটওয়ারী, বিল্লাল হোসেন, আলিম আজম রেজা প্রমুখ।
এদিকে, মনোনয়নপত্র প্রত্যাহারকারী অপর চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম রিপন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন না।
উল্লেখ্য, ফরিদগঞ্জে ৩য় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল রোববার।
এতে চেয়ারম্যান পদে ৩ জন ও ভাইস চেয়ারম্যান পদে ১ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তবে মূল প্রতিদ্বন্দ্বিতায় দুই চেয়ারম্যান প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে পুরুষ এবং মহিলা মিলিয়ে আরও ছয়জন আছেন।