ড্রোন প্রতিযোগিতায় অংশ নিতে চুয়েট শিক্ষার্থীদের পাশে জেলা প্রশাসন

ড্রোন প্রতিযোগিতায় অংশ নিতে চুয়েট শিক্ষার্থীদের পাশে জেলা প্রশাসন

ছবি: সংগৃহীত

তুরস্কে আন্তর্জাতিক ড্রোন প্রযুক্তি প্রতিযোগিতা টেকনোফেস্টে অংশ নিতে যাওয়া চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) গবেষণা দল ‘টিম স্টারাপ্টর’-কে এক লাখ টাকা অনুদান দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। 

বৃহস্পতিবার চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে অনুদানের অর্থ তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

জেলা প্রশাসক বলেন, ‘আমাদের মেধার কোনো সীমা নেই। প্রযুক্তিতে আমরা যতটুকু পিছিয়ে আছি, তরুণ প্রজন্মের উদ্ভাবনী শক্তি ও দক্ষতা সেই ঘাটতি পূরণ করবে। মেধাবী তরুণেরাই বাংলাদেশকে প্রযুক্তিবিশ্বে একটি সুদৃঢ় অবস্থানে নিয়ে যাবে।’

আগামী বছরের মার্চ-এপ্রিল মাসে তুরস্কে অনুষ্ঠেয় আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিযোগিতা ‘টেকনোফেস্ট তুর্কিয়ে ২০২৭’-এ অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে চুয়েটের দলটি। প্রতিযোগিতার জন্য তারা থ্রিডি প্রিন্টিং প্রযুক্তিতে ভার্টিক্যাল টেক-অফ অ্যান্ড ল্যান্ডিং (ভিটল) ড্রোন তৈরির প্রকল্প হাতে নিয়েছে। গবেষণা ও প্রতিযোগিতার প্রস্তুতিতে সহায়তা করতেই জেলা প্রশাসন এই অনুদান দিয়েছে।

অনুষ্ঠানে টিম স্টারাপ্টরের দলনেতা রাশিদ আবরার আজমাইন জানান, চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের ২০২২ ও ২০২৩ ব্যাচের শিক্ষার্থীরা ড্রোনটি তৈরির কাজ করছেন। সামরিক ও বেসামরিক ক্ষেত্রে ভিটল ড্রোনের ব্যবহার বাড়লেও বাংলাদেশে এ প্রযুক্তির গবেষণা ও উন্নয়নে ঘাটতি রয়েছে। সেই ঘাটতি পূরণের লক্ষ্যেই তাদের উদ্যোগ। 

দলটির দাবি, ‘দ্য স্টারাপ্টর’ নামে তাদের উদ্ভাবিত ড্রোনটি দেশের প্রথম সম্পূর্ণ থ্রিডি প্রিন্টিং প্রযুক্তিনির্ভর কোয়াডপ্লেন ভিটল ড্রোন। এটি হেলিকপ্টারের মতো খাড়াভাবে উড্ডয়ন ও অবতরণ করতে পারবে। আকাশে ওঠার পর সাধারণ উড়োজাহাজের মতো সামনের দিকে চলতেও সক্ষম হবে। ড্রোনটি দূরনিয়ন্ত্রণ যন্ত্র ছাড়াই সফটওয়্যারের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত গন্তব্যে পৌঁছে মালামাল সরবরাহ করে স্বয়ংক্রিয়ভাবে ফিরে আসতে পারবে।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো. সাইদুজ্জামান, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও টিম স্টারাপ্টরের সদস্যরা উপস্থিত ছিলেন।