ব্রাহ্মণপাড়ায় চোরাকারবারি চক্রের হোতা সন্দেহে ভারতীয় নাগরিক গ্রেফতার

ব্রাহ্মণপাড়ায় চোরাকারবারি চক্রের হোতা সন্দেহে ভারতীয় নাগরিক গ্রেফতার

প্রতিকি ছবি

 

 

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিশেষ অভিযান চালিয়ে মো. মেহেদী হাসান (২৬) নামের এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দাবি, তিনি সীমান্ত এলাকার একটি চোরাকারবারি চক্রের অন্যতম প্রধান হোতা।

 

বুধবার রাত আড়াইটার দিকে উপজেলার শশীদল ইউনিয়নের নারায়ণপুর এলাকার ইছারপুল সেতুর ওপর থেকে তাকে গ্রেফতার করা হয়।

মেহেদী হাসান ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার কালামচেররা থানার গৌরাঙ্গলা (রহিমপুর, মধ্যপাড়া) গ্রামের খোকন মিয়া ও হনুফা খাতুনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ১১ নভেম্বর রাত আড়াইটার দিকে ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল নারায়ণপুর এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় বাংলাদেশ-ভারত সীমান্তের ২০৫৭/২-এস নম্বর মূল পিলার থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ইছারপুল সেতুর ওপর থেকে মেহেদী হাসানকে গ্রেফতার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের অন্য সদস্যরা পালিয়ে যান।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, তিনি সীমান্ত এলাকার একটি চোরাকারবারি চক্রের অন্যতম হোতা।