ববির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন বরণে আসছেন শিক্ষামন্ত্রী
ফাইল ছবি
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে আগামী রবিবার (১৬ নভেম্বর) আয়োজন করা হচ্ছে নবীনবরণ অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। দিনব্যাপী এ আয়োজনে থাকবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আমন্ত্রণপত্র অনুযায়ী, সকাল সাড়ে ১০টায় ক্যাম্পাসের মুক্তমঞ্চে শুরু হবে নবীনবরণ ও আলোচনা সভা। এতে সভাপতিত্ব করবেন উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান। ইউজিসির সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন নবীন শিক্ষার্থীদের উদ্দেশে ওরিয়েন্টেশন বক্তব্য দেবেন।
বিশেষ অতিথি হিসেবে থাকবেন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. মজিবুর রহমান সরওয়ার, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
দিনব্যাপী এ আয়োজনের অংশ হিসেবে বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে এ আয়োজনে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।