বগুড়ায় ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল চালকের

বগুড়ায় ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল চালকের

ফাইল ছবি

 

 

বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোজাফফর হোসেন (৩৯) নামের এক চালক নিহত হয়েছেন।

শুক্রবার ভোর ৫ টার দিকে দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের খাদ্যগুদামের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোজাফফর হোসেন জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার দেবীশাউল উত্তরপাড়া এলাকার মজিবর প্রামাণিকের ছেলে।

জানা যায়, শুক্রবার ভোরে গ্যাস নেওয়ার উদ্দেশ্যে অটোরিকশা নিয়ে বগুড়ার দিকে যাচ্ছিলেন মোজাফফর। পথে দুপচাঁচিয়া খাদ্যগুদামের সামনে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং চালক মোজাফফর গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজলিমুর রহমান জানান, মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।