বাড়ির আঙিনায় বিষমুক্ত সবজি চাষে সাফল্য, কৃষকদের মুখে হাসি
ছবি: সংগৃহীত
শীতের আগমনের সঙ্গে সঙ্গে জয়পুরহাটের বিভিন্ন এলাকায় বাড়ির পতিত আঙিনা ও উঠানে শীতকালীন সবজি চাষে সাফল্য পেয়েছেন কৃষকরা। এতে পরিবারের দৈনন্দিন সবজির চাহিদা মেটানোর পাশাপাশি উৎপাদিত অতিরিক্ত সবজি বাজারে বিক্রি করে বাড়তি আয়ও করছেন তাঁরা।
খোঁজ নিয়ে জানা গেছে, জয়পুরহাট সদর উপজেলার জামালপুর, বানিয়াপাড়া, মাঝিপাড়া, পুরানাপৈল এবং পৌর শহরের শাপলানগর, বুলুপাড়া ও বিশ্বাসপাড়া এলাকায় বাড়ির সামনের ফাঁকা জায়গা ও উঠানে নানা ধরনের সবজি চাষ করা হচ্ছে। এসব বাগানে বাঁধাকপি, ফুলকপি, হলুদ, বেগুন, বিটরুট, লালশাক, পালংশাক, টমেটো, গাজর, ধনেপাতা, ডাঁটা, পেঁয়াজ, কলমিশাক, নাফাশাক, রসুন, মুলা, স্কোয়াশ, শিম, মটরশুঁটি ও লাউসহ বিভিন্ন শীতকালীন সবজি উৎপাদিত হচ্ছে। ক্ষতিকর কীটনাশক ছাড়াই বিষমুক্ত পদ্ধতিতে চাষ করা এসব সবজির ফলনও ভালো হয়েছে।
পৌর শহরের সবুজ নগর এলাকার মোস্তাকিম হোসেন বলেন, ‘নিজের হাতে সবজি চাষ করার আলাদা একটা ভালো লাগার বিষয় আছে। বাড়ির সামনের জায়গা ফেলে না রেখে তাই সবজি চাষ করেছি।’
জয়পুরহাট সদর উপজেলার বানিয়াপাড়ার কৃষক নয়ন হোসেন জানান, বাড়ির সামনের আঙিনা পতিত পড়ে ছিল। সেখানে সবজি চাষ করে ভালো ফলন পেয়েছেন। এতে পরিবারের চাহিদা মেটানোর পাশাপাশি বাড়তি আয়ও হচ্ছে।
মাঝিপাড়া এলাকার নাঈম হাসান বলেন, ‘বাড়ির সামনের আঙিনায় বিভিন্ন ধরনের সবজি চাষ করছি। নিজেরা খাওয়ার পাশাপাশি বাজারেও বিক্রি করছি।’
জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মনজু আলম সরকার বলেন, বাড়ির উঠানে সবজি চাষ মূলত শখের বিষয়। তবে বাড়ির আশপাশের পতিত জমি সঠিকভাবে কাজে লাগাতে পারলে পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতেও বড় ভূমিকা রাখা সম্ভব।