কক্সবাজারে ‘শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা’ অনুষ্ঠিত
সংগৃহীত
কক্সবাজার জেলার মৌলভী ছাইদুল হক ফাউন্ডেশন আয়োজিত ‘শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হয়েছে ।
শুক্রবার কক্সবাজারের চকরিয়া, পেকুয়া, মাতামুহুরী, কুতুবদিয়া ও মহেশখালীর ছয়টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় থেকে দুপুর ১২টা পর্যন্ত দুইঘন্টাব্যাপী এই পরীক্ষা অনুণ্ঠিত হয়।
পরীক্ষা কেন্দ্রগুলো হলো-পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়, ভেওলা মানিকচর উচ্চ বিদ্যালয়, চকরিয়া মহিলা কলেজ ও মালুমঘাট আইডিয়াল স্কুল। এ ছাড়া কুতুবদিয়া মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ ও মহেশখালী মডেল হাই স্কুলেও পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
আয়োজক সূত্রে জানা যায়, এবারের পরীক্ষায় মোট ২ হাজার ৮৮৭ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। এরমধ্যে পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭২৭ জন, ভেওলা মানিকচর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩৩৮ জন, মালুমঘাট আইডিয়াল স্কুল কেন্দ্রে ২১৫ জন এবং চকরিয়া মহিলা কলেজ কেন্দ্রে ৭২৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।
অন্যদিকে, মহেশখালী মডেল হাই স্কুল কেন্দ্রে ৩১২ জন এবং কুতুবদিয়া মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৫৫৯ জন পরীক্ষার্থী অংশ নেন। পরীক্ষায় তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের মেধা যাচাই, পড়াশোনায় আগ্রহ সৃষ্টি এবং মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে এই বৃত্তি পরীক্ষার আয়োজন করেছে মৌলভী ছাইদুল হক ফাউন্ডেশন।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার বলেন, ‘শিক্ষার্থী ও অভিভাবকদের চাহিদার কথা বিবেচনায় নিয়ে এই বৃত্তি পরীক্ষা পুরো জেলাজুড়ে, এমনকি জাতীয় পর্যায়েও আয়োজন করা উচিত। কারণ, এই ধরণের বৃত্তি পরীক্ষা দেশের শিক্ষার মানোন্নয়নে সহায়ক ভূমিকা পালন করে।’
এ সময় বিভিন্ন পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পি এ ছফোয়ানুল করিম বলেন, ‘দক্ষিণ চট্টগ্রামের মধ্যে এটি সবচেয়ে বড় বৃত্তি পরীক্ষার আয়োজন। একই সঙ্গে শুক্রবার পাঁচটি উপজেলায় এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এই বৃত্তি পরীক্ষার প্রবর্তন করেছিলেন। শিক্ষার্থীদের মধ্যে এর সুফল আমরা ইতোমধ্যে দেখতে পাচ্ছি। এই পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ভবিষ্যতে সমাজের গুরুত্বপূর্ণ ও প্রতিষ্ঠিত ব্যক্তি হিসেবে গড়ে উঠবে। এই ধরণের বৃত্তি পরীক্ষা শিক্ষাব্যবস্থার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’
এই ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি বছর কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ‘শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা’ আয়োজন করা হয়।
২০০১ সাল থেকে প্রতিবছর এই মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে।