রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টির ভয় দেখিয়ে লাভ হবে না: প্রতিমন্ত্রী মীর হেলাল

রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টির ভয় দেখিয়ে লাভ হবে না: প্রতিমন্ত্রী মীর হেলাল

ছবি: সংগৃহীত

১৯৭১ ও ২০২৪ সালের পরাজিত শক্তি আবার মাঠে সক্রিয় হওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন। 

তিনি বলেন, রাজপথের আন্দোলন-সংগ্রামের অভিজ্ঞতা তাদের রয়েছে। তাই রাজপথের বিশৃঙ্খলা সৃষ্টি করে ভয় দেখানোর চেষ্টা করে লাভ হবে না। 

শনিবার লালখান বাজারে শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় নির্মিত ফুটওভার ব্রিজ উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।

মীর হেলাল বলেন, ‘আমি রাজপথ থেকে উঠে এসে আজ এখানে বসেছি। আমরা কেউ হঠাৎ করে এখানে আসিনি। মঞ্চে যারা আছেন, মঞ্চের সামনে ও আশপাশে যারা আছেন, তারা সবাই রাজপথের পরীক্ষিত সৈনিক। তাই আমাদের রাজপথে বিশৃঙ্খলার ভয় দেখাবেন না। আপনারা যে ধরনের কাজ করতে চাচ্ছেন, সে ধরনের কাজের বহু অভিজ্ঞতা আমাদের রয়েছে।’ 

তিনি আহ্বান জানিয়ে বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ যেভাবে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, আপনারা সেই যাত্রায় সহযাত্রী হোন। আমরা আপনাদের সাদরে সঙ্গে নিয়ে কাজ করার সুযোগ করে দেব। কিন্তু দেশবিরোধী বা রাষ্ট্রবিরোধী কোনো ষড়যন্ত্র করবেন না।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক মো. মাহফুজুর রহমান। উপস্থিত ছিলেন সিডিএ সচিব নুর-এ জান্নাত রুমি, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুস সাত্তার, শাহ আলম, মহানগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু, উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মোহাম্মদ জসিম, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরোয়ার উদ্দিন সেলিম, রাজীব উদ্দিন আকন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

প্রসঙ্গত, দুই কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে নির্মিত ব্রিজটির দৈর্ঘ্য ৪২ মিটার, প্রস্থ ৮ ফুট ও উচ্চতা ১৮ ফুট। আট মাসে এর নির্মাণকাজ শেষ হয়েছে।