নারায়ণগঞ্জে দৃষ্টি প্রতিবন্ধীদের মধ্যে সাদা ছড়ি ও অনুদান বিতরণ

নারায়ণগঞ্জে দৃষ্টি প্রতিবন্ধীদের মধ্যে সাদা ছড়ি ও অনুদান বিতরণ

ছবি: সংগৃহীত

 ‘দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন’ প্রতিপাদ্য সামনে রেখে বিশ্ব সাদা ছড়ি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে দৃষ্টি প্রতিবন্ধীদের মধ্যে সাদা ছড়ি ও অনুদান বিতরণ করা হয়েছে। 

শনিবার দুপুরে শহরের মাসদাইর এলাকার মজলুম মিলনায়তনে বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির কেন্দ্রীয় সহসভাপতি ও নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী ড. তৈমূর আলম খন্দকার।

তিনি বলেন, বিশ্বের উন্নত রাষ্ট্রগুলোতে দৃষ্টি প্রতিবন্ধীদের সমাজের মূলধারা থেকে বিচ্ছিন্ন করে দেখা হয় না। বরং তাদেরও সমাজের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচনা করা হয়। একজন স্বাভাবিক মানুষ যেসব সুযোগ-সুবিধা পান, প্রতিবন্ধীরাও সেসব সুযোগ-সুবিধা ভোগ করেন। কিন্তু বাংলাদেশে এ চিত্র ভিন্ন।

তৈমূর আলম খন্দকার বলেন, বাংলাদেশে প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষায় অনেক আইন থাকলেও সেগুলোর যথাযথ প্রয়োগ নেই। প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন কার্যকর করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবন্ধীদের জীবিকা নির্বাহের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে। সরকারের কাছে দাবি, সরকারি ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানে এমন ব্যবস্থা বা কর্নার রাখা হোক, যেখানে প্রতিবন্ধীরা জীবিকা নির্বাহের সুযোগ পাবেন।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জে তারা দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করতে চান। দৃষ্টি প্রতিবন্ধীরা শুধু ভিক্ষা করে জীবনযাপন করবেন, শিক্ষা অর্জন করতে পারবেন না- এটি কাম্য নয়। প্রত্যেক দৃষ্টি প্রতিবন্ধীকে সমাজের মূলধারার সঙ্গে সম্পৃক্ত করে সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির সহসভাপতি জয়নাল আবেদীন। প্রধান বক্তা ছিলেন সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ মাসুদ রানা।