৭ দেশের ক্বারীদের অংশগ্রহণে পিরোজপুরে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

৭ দেশের ক্বারীদের অংশগ্রহণে পিরোজপুরে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

ছবি: সংগৃহীত

এক মঞ্চে সাত দেশের ক্বারী। তাদের কণ্ঠে পবিত্র কোরআনের সুমধুর তিলাওয়াতে মুখর হয়ে উঠেছে পিরোজপুরের নেছারাবাদ। শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সরকারি পাইলট উচ্চমাধ্যমিক বিদ্যালয় মাঠে শুরু হয়েছে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন।

উস্তাজুল ক্বেররা মরহুম হাফেজ ক্বারী মো. সাইদুর রহমান ও রত্নগর্ভা মরহুমা হামিদা বেগমের স্মরণে হামিদা-সাঈদ ফাউন্ডেশন এ সম্মেলনের আয়োজন করেছে।

সম্মেলনে প্রধান অতিথি পিরোজপুরের জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী এবং প্রধান আলোচক শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন হামিদা-সাঈদ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মাসুদুর রহমান।

সম্মেলনে বাংলাদেশসহ বিশ্বের সাতটি দেশের ক্বারীরা পবিত্র কোরআন তিলাওয়াত করছেন। এতে অংশ নেবেন- মিশরের ক্বারী আবদেল নাসের হারাক, পাকিস্তানের ক্বারী আনোয়ারুল হাসান বুখারী, আফগানিস্তানের ক্বারী আব্দুল কবির হায়দারী, ইরানের ক্বারী ওয়াহিদ খাজায়ী, দক্ষিণ আফ্রিকার ক্বারী জোবায়ের বারদাঈ এবং বাংলাদেশের হাফেজ ক্বারী মোহাম্মদ জাকারিয়া। এ ছাড়া স্থানীয় হাফেজ ও ক্বারীরাও সম্মেলনে তিলাওয়াত করছেন।

আয়োজকেরা জানান, আন্তর্জাতিক ক্বারীদের কণ্ঠে পবিত্র কোরআন তিলাওয়াত শোনার সুযোগ করে দেওয়া এবং মানুষের মধ্যে ধর্মীয় চেতনা ও আল্লাহর প্রতি তাকওয়া বাড়ানোর লক্ষ্যেই এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।