এইচএসসি সম্পূরক পরীক্ষা দিচ্ছেন সাড়ে ৩ লাখের বেশি শিক্ষার্থী

এইচএসসি সম্পূরক পরীক্ষা দিচ্ছেন সাড়ে ৩ লাখের বেশি শিক্ষার্থী

ফাইল ছবি

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া পরীক্ষার্থীদের মধ্যে ৩ লাখ ৬৫ হাজার ৯১১ জন সম্পূরক (সাপ্লিমেন্টারি) পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছেন। আগামী ১ ডিসেম্বর থেকে এ পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ১৫ ডিসেম্বর। সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষার্থীরা যেন আগামী শিক্ষাবর্ষেই উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ পান, সে লক্ষ্যে দ্রুত ফল প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।

এক ও দুই বিষয়ে অকৃতকার্য মোট ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৬ শতাংশেরও বেশি (৩,৬৫,৯১১ জন) আবেদন ফরম পূরণ করেছেন। গত ৯ নভেম্বর ফরম পূরণের এবং ১০ নভেম্বর ফি জমার সময় শেষ হয়।

আবেদনকারীদের মধ্যে সর্বোচ্চ ঢাকা শিক্ষা বোর্ডের ৭১,১৬৭ জন এবং সর্বনিম্ন বরিশাল শিক্ষা বোর্ডের ১৪,৪০৬ জন পরীক্ষার্থী রয়েছেন।

এছাড়া অন্যান্য সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে রাজশাহী (৪৭,৮৬৯ জন), যশোর (৩৯,২৩২ জন), দিনাজপুর (৩৭,৯১১ জন), চট্টগ্রাম (৩১,৫৪১ জন), কুমিল্লা (২৭,৬৫৩ জন), সিলেট (২১,৪২০ জন) এবং ময়মনসিংহ (২১,৩১৮ জন)। কারিগরি শিক্ষা বোর্ডে ৩৪,৭৫৪ জন এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডে ১৮,৬৪০ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছেন।

গত ৩১ অক্টোবর প্রকাশিত এইচএসসি ফলের তথ্য অনুযায়ী ১১টি শিক্ষা বোর্ডের অধীন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। গড় পাসের হার ৫২.১২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন।

এছাড়া ১ বিষয়ে অকৃতকার্য হয়েছেন ২ লাখ ৯৮ হাজার ৪০ জন এবং ২ বিষয়ে অকৃতকার্য হয়েছেন ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন।