ডিআইইউতে পুরকৌশল শিক্ষার্থীদের নিয়ে সিভিস্পার্ক প্রতিযোগিতা

ডিআইইউতে পুরকৌশল শিক্ষার্থীদের নিয়ে সিভিস্পার্ক প্রতিযোগিতা

সংগৃহীত

পুরকৌশল বিভাগের শিক্ষার্থীদের হাতেকলমে দক্ষতা যাচাই এবং ক্যারিয়ার সম্পর্কে ধারণা দিতে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) অনুষ্ঠিত হয়েছে ‘সিভিস্পার্ক ১.০: ইগনাইট ইয়োর ইনার ইঞ্জিনিয়ারিং’।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৫টা ১৫ মিনিট পর্যন্ত দিনব্যাপী এ আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাব।

আয়োজকেরা জানান, সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত একসঙ্গে চারটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এগুলো হলো—ট্রাসস্পার্ক (পপসিকল ট্রাস চ্যালেঞ্জ), পোস্টার প্রেজেন্টেশন, অটোক্যাড কনটেস্ট ও মেমোরি বাজ। মেমোরি বাজে ডিআইইউর যেকোনো বিভাগের শিক্ষার্থীরা অংশ নেওয়ার সুযোগ পান। বাকি তিনটি প্রতিযোগিতায় অংশ নেন পুরকৌশল বিভাগের শিক্ষার্থীরা।

দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয় ক্যারিয়ার সেমিনার। এতে বক্তব্য দেন শিল্পখাতের বিশেষজ্ঞ, শিক্ষাবিদ ও প্রাক্তন শিক্ষার্থী উদ্যোক্তারা। বিকেল সোয়া ৪টায় অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী। চারটি প্রতিযোগিতার বিজয়ী ও রানারআপদের জন্য মোট ২০ হাজার টাকা পুরস্কার বরাদ্দ ছিল। এ ছাড়া তাঁদের দেওয়া হয় ক্রেস্ট ও সনদ।

প্রতিযোগিতাগুলোতে বিচারকের দায়িত্ব পালন করেন আইউবিএটির প্রভাষক ফারহান ফাহাদ তন্ময়, ইউএপির সহকারী অধ্যাপক ড. ইফতেখার আলম দীপ্ত এবং আইইউটির সহকারী অধ্যাপক ড. তানভীর আহমেদ। অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন পুরকৌশল বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর মো. সানিউল হক মাহী।

অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় ছিল প্রাইম ইঞ্জিনিয়ার্স, এস এম মাগুরা রিয়েল এস্টেট লিমিটেড, অ্যাড-হক ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট এবং ইভোলিউশন কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। এছাড়া, মিডিয়া পার্টনার হিসেবে ছিল জনপ্রিয় অনলাইন পোর্টাল রাইজিংবিডি ডটকম,রেডিও কার্নিভাল ও দ্য ডেইলি ক্যাম্পাস।