চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শাটল ট্রেনে অগ্নিসংযোগের চেষ্টা
ফাইল ছবি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শাটল ট্রেনে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে কোনো ক্ষয়ক্ষতি হওয়ার আগেই শিক্ষার্থী ও ট্রেনের নিরাপত্তাকর্মীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলেন।
রোববার (২২ নভেম্বর) রাত ৮টার দিকে শহর থেকে ক্যাম্পাসগামী শাটল ট্রেনটি নগরীর বটতলী স্টেশনে অবস্থানকালে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও চবি শিক্ষার্থী তাওসিফ হোসাইন আনন্দ বলেন, আজ (রোববার) টিউশন শেষে ফেরার পথে শাটল ট্রেনে উঠতে গিয়ে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হই। বগিতে ওঠার ঠিক আগমুহূর্তে এক ভাই চিৎকার করে জানান, ভেতরে আগুন লেগেছে। সঙ্গে সঙ্গে রেলওয়ের একজন কর্মী আগুন নেভাতে এগিয়ে যান। তার দেখাদেখি আমিও এগিয়ে যাই। পরে আমরা দ্রুত আগুন নিভিয়ে ফেলি।
তিনি আরও বলেন, প্রথমে ঘটনাটিকে ইঞ্জিনের কোনো যান্ত্রিক ত্রুটি বলে মনে হলেও পরে বগির ভেতরে তীব্র কেরোসিনের গন্ধ পাই। ভালোভাবে পরীক্ষা করে ভেতরে একটি কেরোসিনের বোতল পাওয়া যায়। এমনকি বগির আসনগুলোতেও কেরোসিন মাখানো অবস্থায় দেখতে পাই। এসব দেখে স্পষ্ট মনে হয়েছে, কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে আগুন লাগানোর চেষ্টা করেছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুল হোসেন বলেন, রাত ৮টা ৫ মিনিটের দিকে চট্টগ্রাম নগরীর বটতলী রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেনটিতে এ ঘটনা ঘটে। তবে ট্রেনের কর্মীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পরে ওই ট্রেনটি পরিবর্তন করে শিক্ষার্থীদের অন্য একটি ট্রেনে বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসা হয়।
তিনি আরও বলেন, ঘটনাটি নাশকতার চেষ্টা বলে মনে হচ্ছে। এ বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। ট্রেন স্টেশনে অবস্থানকালে, যাত্রা শুরুর আগে কিংবা অন্য যে কোনো সময় এর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বটতলী স্টেশনসহ সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা জোরদার ও টহল বাড়ানোর অনুরোধ জানিয়েছি, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটে।