সিলেটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন
প্রতিকি ছবি
সিলেটে পারিবারিক বিরোধের জের ধরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে খুন হয়েছেন এক যুবক। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে গোয়াইনঘাট উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্তকে আটক করেছে।
নিহত জাহাঙ্গীর আলম (২৭) ইসলামপুর গ্রামের ময়না মিয়ার ছেলে। আটক আমির হোসেন (২৪) একই গ্রামের মৃত রফিক মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, বাড়ির সীমানায় টিনের চালের পানি পড়াকে কেন্দ্র করে জাহাঙ্গীর ও আমিরের পরিবারের মধ্যে বিরোধ চলছিল। সোমবার সকালে এ নিয়ে দুই পরিবারের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে উভয় পরিবারের লোকজন মারামারিতে লিপ্ত হন। এসময় আমির হোসেনের মা আম্বিয়া বেগমের হাতে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাত লাগে। এতে ক্ষিপ্ত হয়ে আমির হোসেন ছোরা দিয়ে জাহাঙ্গীরের বুকের বাম পাশে আঘাত করে রক্তাক্ত করে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
গোয়াইনঘাট থানার ওসি ওমর ফারুক জানান, হত্যাকাণ্ডের পর অভিযুক্ত আমির হোসেনকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে।