খুলনায় খুশি হত্যা মামলার আসামি রসুল গাজী গ্রেপ্তার

খুলনায় খুশি হত্যা মামলার আসামি রসুল গাজী গ্রেপ্তার

ছবিঃ সংগৃহীত।

খুলনার লবণচরা থানার চাঞ্চল্যকর খুশি আক্তার হত্যা মামলার অন্যতম সন্দিগ্ধ আসামি রসুল গাজীকে (২৬) গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। তিনি খুলনার শীর্ষ সন্ত্রাসী আশিক গ্রুপের সক্রিয় সদস্য ও মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে র‌্যাব।

রোববার (২৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে খুলনার বটিয়াঘাটা উপজেলার জাবুসা ইউনিয়নের চক্রাখালী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-৬-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার রসুল গাজী রূপসা উপজেলার বাগমারা হাজীবাড়ি এলাকার আজাহার গাজীর ছেলে। র‌্যাব জানায়, গত ২২ অক্টোবর লবণচরা থানাধীন জিন্নাহপাড়া মেইন রোডে স্বামী সুমন সরদারের সঙ্গে যাচ্ছিলেন খুশি আক্তার (২৪)। এ সময় পূর্বশত্রুতার জের ধরে রসুল গাজীসহ মামলার অন্য আসামিরা মোটরসাইকেলে এসে সুমন সরদারকে গালিগালাজ করতে থাকে। একপর্যায়ে খুশি আক্তার বাধা দিলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বোন হাসি খাতুন বাদী হয়ে লবণচরা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তার রসুল গাজী ওই হত্যা মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে লবণচরা থানায় হস্তান্তর করা হয়েছে।