প্রোটিয়াদের বিপক্ষে ৯১ রানেই অলআউট বাংলাদেশ

প্রোটিয়াদের বিপক্ষে ৯১ রানেই অলআউট বাংলাদেশ

সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়ন টেস্টে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। বৃষ্টির কারণে প্রথম সেশনের পুরোটা ভেসে যাওয়ার পর দ্বিতীয় সেশনে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি টাইগাররা। একের পর এক উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ৯১ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশের প্রথম ইনিংস। দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ৩৩ ওভার ৩ বল খেলেই অলআউট হয় নাজমুল হোসেন শান্তর দল।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২৩ রান করেছেন মাহফিজুল ইসলাম রবিন। দক্ষিণ আফ্রিকার হয়ে বল হাতে সফল কাগিসো রাবাদা ও ইয়ানসেন। তিনটি করে উইকেট শিকার করেছেন এই দুই পেসার। এ ছাড়া আনরিখ নর্কিয়া দুটি উইকেট শিকার করেছেন।

টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা একদমই ভালো হয়নি। ইনিংসের দ্বিতীয় ওভারেই সাজঘরে ফেরেন ওপেনার তানজিদ হাসান তামিম। প্রোটিয়া পেসার মার্কো ইয়ানসেনের বলে ভিয়ান মুল্ডারের হাতে ক্যাচ দিয়ে মাত্র ৩ রান করে বিদায় নেন তিনি।

তানজিদের বিদায়ের পর মাহফিজুল ইসলাম রবিনকে সঙ্গে নিয়ে দলের হাল ধরার চেষ্টা করেন মুমিনুল হক। তবে ড্রিংকস বিরতির আগেই বোল্ড হয়ে সাজঘরে ফেরেন মাহফিজুল। তার ব্যাট থেকে আসে ২৩ রান।

এরপর ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। বাউন্ডারি হাঁকানোর পরের বলেই আনরিখ নর্কিয়ার শিকার হন তিনি। ব্যক্তিগত ৪ রানে বিদায় নেন বাংলাদেশ অধিনায়ক। দলীয় ৪৪ রানে শান্তর বিদায়ের পর ক্রিজে আসেন তাওহীদ হৃদয়।

দলের বিপর্যয় ঠেকাতে পারেননি অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হকও। ইনিংসের ২১তম ওভারে ভিয়ান মুল্ডারের বলে বোল্ড হয়ে ফেরেন তিনি। ৫১ বলে ১৮ রান করেন এই বাহাতি ব্যাটার।

আগের টেস্টে ইতিহাস গড়া দুই সেঞ্চুরিয়ান তাওহীদ হৃদয় ও লিটন দাসের দিকে তাকিয়ে ছিল বাংলাদেশ। কিন্তু তারাও হতাশ করেছেন। সাইমন হার্মারের বলে ১৯ রান করে এইডেন মার্করামের হাতে ক্যাচ দিয়ে ফেরেন হৃদয়। এরপর মার্কো ইয়ানসেনের বলে জুবাইর হামজার হাতে ক্যাচ দিয়ে মাত্র ৮ রানেই সাজঘরে ফেরেন লিটন দাস।

ফলে দ্বিতীয় সেশন শেষে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৮৫ রান। তবে তৃতীয় সেশনে মাঠে নেমে বাকি চার উইকেট হারাতে বেশি সময় নেয়নি টাইগাররা।

তৃতীয় সেশনের শুরুতেই কাগিসো রাবাদার বলে সাজঘরে ফেরেন পেসার শরীফুল ইসলাম। এরপর রাবাদার দ্বিতীয় শিকার হন শেষ স্বীকৃত ব্যাটার জাকের আলী। এলবিডব্লিউ হয়ে ফেরার আগে ২০ বলে মাত্র ১ রান করেন তিনি। রাবাদার তৃতীয় শিকারে পরিণত হন তাসকিন আহমেদ। মার্কো ইয়ানসেনের হাতে ক্যাচ দিয়ে ২ রান করে ফেরেন এই পেসার। আর ইয়ানসেনের তৃতীয় শিকার হয়ে ফিরেন খালেদ। শেষ পর্যন্ত ৯১ রানেই থামে বাংলাদেশের প্রথম ইনিংস।