কোরআনের যে সুরাগুলো প্রতিদিন আমল করবেন

কোরআনের যে সুরাগুলো প্রতিদিন আমল করবেন

ফাইল ছবি

পবিত্র কোরআন মুমিনের জীবনের পথনির্দেশক। এর প্রতিটি সুরা ও আয়াতে মানুষের জন্য হেদায়েত, উপদেশ ও কল্যাণের বার্তা রয়েছে। কোরআন তিলাওয়াত শুধু সওয়াব অর্জনের মাধ্যম নয়; বরং জীবনে এর শিক্ষা ধারণ করাও প্রত্যেক মুসলমানের দায়িত্ব। 

প্রতিদিনের ব্যস্ততার মধ্যেও কিছু সময় নির্দিষ্ট করে কোরআন তিলাওয়াতের অভ্যাস গড়ে তোলা উচিত। বিশেষ করে কয়েকটি সুরা নিয়মিত পাঠের বিষয়ে হাদিসে বিশেষ গুরুত্ব ও ফজিলতের কথা এসেছে। 

সকালে সুরা ইয়াসিন

সুরা ইয়াসিন পবিত্র কোরআনের ৩৬তম সুরা। এতে আল্লাহর একত্ববাদ, নবুয়ত, পরকাল ও পুনরুত্থানের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে। এ সুরা তিলাওয়াতের মাধ্যমে মানুষ আল্লাহর ক্ষমতা ও পরকালের বাস্তবতা সম্পর্কে চিন্তা করার সুযোগ পায়। প্রতিদিন সকালে এটি পড়ার অভ্যাস করা যেতে পারে। 

দুপুরে সুরা ফাতহ

সুরা ফাতহ কোরআনের ৪৮তম সুরা। এতে আল্লাহর সাহায্য, বিজয়, রাসুলুল্লাহ (সা.)-এর প্রতি আনুগত্য এবং মুমিনদের জন্য সুসংবাদের কথা বলা হয়েছে। এ সুরা পাঠের পাশাপাশি এর অর্থ ও শিক্ষা অনুধাবন করা উচিত।

বিকেলে সুরা নাবা

সুরা নাবা কোরআনের ৭৮তম সুরা। এতে কেয়ামত, পুনরুত্থান, জান্নাত ও জাহান্নামের বিবরণ রয়েছে। মানুষকে পরকালের জবাবদিহির কথা স্মরণ করিয়ে দেয় এ সুরা। নিয়মিত তিলাওয়াত ও অর্থ অনুধাবনের মাধ্যমে এর শিক্ষা জীবনে ধারণ করা েউচিত।

সন্ধ্যায় সুরা ওয়াকিয়া

সুরা ওয়াকিয়া কোরআনের ৫৬তম সুরা। এতে কেয়ামতের অবশ্যম্ভাবিতা এবং সেদিন মানুষের বিভিন্ন শ্রেণিতে বিভক্ত হওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি জান্নাত ও জাহান্নামের পরিণতির বিবরণ রয়েছে। 

ঘুমানোর আগে সুরা মুলক

সুরা মুলক কোরআনের ৬৭তম সুরা। এর বিশেষ ফজিলত সম্পর্কে হাদিসে বর্ণনা রয়েছে। ৩০ আয়াতবিশিষ্ট এ সুরা পাঠকারীর জন্য সুপারিশ করবে এবং আল্লাহর ক্ষমা লাভের কারণ হবে বলে হাদিসে এসেছে। রাতে ঘুমানোর আগে সুরা মুলক তিলাওয়াতের আমলও হাদিসে বর্ণিত হয়েছে। তাই এশার পর ঘুমানোর আগে সুরাটি পড়ার অভ্যাস করা যেতে পারে।

সকাল-সন্ধ্যায় সুরা ইখলাস, ফালাক ও নাস

সুরা ইখলাস, ফালাক ও নাসকে একত্রে তিন কুল বলা হয়। রাসুলুল্লাহ (সা.) সকাল ও সন্ধ্যায় এ তিনটি সুরা তিনবার করে পড়ার নির্দেশ দিয়েছেন। হজরত আবদুল্লাহ ইবনে খুবাইব (রা.) থেকে বর্ণিত হাদিসে এসেছে, এগুলো তিনবার পাঠ করলে সব ধরনের অনিষ্ট থেকে নিরাপত্তার জন্য যথেষ্ট হবে। (সুনানে আবু দাউদ, হাদিস: ৫০৮২; জামে তিরমিজি, হাদিস: ৩৫৭৫)।

নিয়মিত তিলাওয়াতের অভ্যাস

কোরআন তিলাওয়াতের জন্য নির্দিষ্ট সময়ের অপেক্ষা করার প্রয়োজন নেই। প্রতিদিনের ব্যস্ততার মধ্যেও কিছু সময় আল্লাহর কালাম পাঠের জন্য রাখা উচিত। শুধু তিলাওয়াত নয়, আয়াতের অর্থ বোঝা এবং সে অনুযায়ী জীবন পরিচালনার চেষ্টা করাও জরুরি। কারণ কোরআন নাজিল হয়েছে মানুষকে সঠিক পথ দেখানোর জন্য। নিয়মিত তিলাওয়াত, অনুধাবন ও আমলের মাধ্যমে একজন মুমিন তার জীবনকে আল্লাহর সন্তুষ্টির পথে পরিচালিত করতে পারেন।