বিয়ের কার্ড বিলি করে ফেরা হলো না বাড়ি, ধুনটে ট্রাকচাপায় দুই বন্ধুর মৃত্যু

বিয়ের কার্ড বিলি করে ফেরা হলো না বাড়ি, ধুনটে ট্রাকচাপায় দুই বন্ধুর মৃত্যু

ছবিঃ সংগৃহিত।

বগুড়ার ধুনটে বিয়ের দাওয়াতের কার্ড বিতরণ করে ফেরার পথে মালবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে ধুনট-শেরপুর আঞ্চলিক সড়কের মাঠপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের বানিয়াজান গ্রামের বিপ্লব সরকারের ছেলে উজ্জ্বল সরকার (২৫) এবং শেরপুর উপজেলার চৌবাড়িয়া গ্রামের সহদেব চন্দ্রের ছেলে শিখর চন্দ্র (২২)। তাঁরা দুজনই বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নিজের বিয়ের কার্ড বিতরণের জন্য বুধবার সকালে বন্ধু শিখর চন্দ্রের বাড়ি শেরপুর উপজেলার চৌবাড়িয়া গ্রামে যান উজ্জ্বল সরকার। পরে দুপুরে শিখরকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ধুনটের উদ্দেশে রওনা হন তিনি।

পথে মাঠপাড়া এলাকায় পৌঁছালে ধুনট থেকে শেরপুরগামী একটি মালবাহী ট্রাক তাঁদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই উজ্জ্বল সরকারের মৃত্যু হয়। গুরুতর আহত শিখর চন্দ্রকে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।